
ছাত্রীনিবাস থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতিবেদক, খুলনা
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১৩:১৬

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ। ছবি: সংগৃহীত
সুন্দরবনে সক্রিয় জলদস্যু ‘আলিফ বাহিনী’র ১৫ সদস্য এসআরবি-৬-এর কাছে আত্মসমর্পণ করেছেন। শুক্রবার (৯ অক্টোবর) তারা আত্মসমর্পণ করেন। তাদের মধ্যে আব্দুল্লাহ গ্রুপের আটজন ও মজিদ গ্রুপের সাতজন রয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) খুলনায় এসআরবি-৬-এর সদর দফতর থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাহিনীটি জানিয়েছে, আত্মসমর্পণকারীদের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হবে।
সুন্দরবনের ওপর জীবিকার জন্য নির্ভর করেন হাজার হাজার জেলে, বাওয়ালি ও মৌয়াল। তবে জলদস্যু ও বনদস্যুদের অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে বনজীবীদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান ও সরকারের পুনর্বাসন উদ্যোগের ফলে অতীতে সুন্দরবনের বিভিন্ন দস্যু বাহিনীর উল্লেখযোগ্যসংখ্যক সদস্য আত্মসমর্পণ করেছিলেন। তবে সম্প্রতি নতুন দস্যুচক্রের তৎপরতার পাশাপাশি আগে আত্মসমর্পণ করা কয়েকজনের পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার তথ্য পাওয়া যায়। একই সময়ে জেলে ও বনজীবীদের অপহরণ এবং মুক্তিপণ দাবির ঘটনাও সামনে আসে।
এ পরিস্থিতিতে সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করে এসআরবি-৬। সংশ্লিষ্ট অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপরতা চালিয়ে যায়।
এসআরবি-৬ জানায়, ধারাবাহিক অভিযান, বনের প্রতিকূল পরিবেশ এবং অপরাধজীবনের অনিশ্চয়তার মধ্যে বিভিন্ন দস্যু বাহিনীর সদস্যরা স্বাভাবিক জীবনে ফেরার আগ্রহ প্রকাশ করেন। এর ধারাবাহিকতায় আলিফ বাহিনীর আব্দুল্লাহ ও মজিদ গ্রুপের মোট ১৫ সদস্য আত্মসমর্পণ করেন।
এই আত্মসমর্পণ সুন্দরবনের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখবে বলে আশা করছে এসআরবি-৬। একই সঙ্গে জেলে, বাওয়ালি, মৌয়ালসহ বননির্ভর মানুষের নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে মনে করছে বাহিনীটি।
এসআরবি-৬ আরও জানায়, সুন্দরবনে জলদস্যুতা, অপহরণ, মুক্তিপণ আদায় ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে অভিযান এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। বননির্ভর জনগোষ্ঠীর জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করাকে অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখছে বাহিনীটি।