
হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক পোশাকশ্রমিকদের কবলে, ভোগান্তিতে যাত্রীরা
প্রতিবেদক, ঝালকাঠি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ২৩:৫৩

অভিযানে হামলার প্রতিবাদে ঝালকাঠিতে সংবাদ সম্মেলন করে জেলা মৎস্য বিভাগ। ছবি: সময় সংবাদ
ঝালকাঠির সুগন্ধা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান শেষে ফেরার পথে মৎস্য বিভাগের কর্মকর্তাদের ওপর দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ সময় জেলা মৎস্য কর্মকর্তাসহ অন্তত সাতজন আহত হয়েছেন। এছাড়া দুর্বৃত্তরা অভিযানকারী দলের স্পিডবোট ও ট্রলারের চালকদের কান ধরিয়ে ওঠবস করিয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোররাতে নলছিটি উপজেলার কুমারখালী-জাঙ্গালিয়া সংলগ্ন সুগন্ধা নদী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর দুপুরে জেলা মৎস্য কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে একটি স্পিডবোট ও একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সুগন্ধা নদীতে অভিযান শুরু করা হয়। নলছিটি অংশের অভিযান শেষে ফেরার পথে কুমারখালীর জাঙ্গালিয়া সংলগ্ন এলাকায় হঠাৎ ১২টি ইঞ্জিনচালিত নৌকায় করে আসা দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে।
তিনি আরও জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা রামদা ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস স্পিডবোট থেকে নদীতে পড়ে গিয়ে আহত হন। হামলায় তিন আনসার ও ভিডিপি সদস্য হাবিলদার আবদুর রহিম, সিপাহি সাকিব হাসান ও সিপাহি সেলিম মিয়া, ট্রলারের মাঝি মো. রেজাউল করিম, স্পিডবোটের চালক মো. মোস্তফা সিকদার এবং অফিস সহায়ক মো. রমজান আলী খলিফাসহ মোট সাতজন আহত হন।
মৎস্য কর্মকর্তারা অভিযোগ করেন, হামলার একপর্যায়ে দুর্বৃত্তরা স্পিডবোট ও ইঞ্জিনচালিত ট্রলারের চালকদের কান ধরিয়ে ওঠবস করায়। ভবিষ্যতে নদী এলাকায় আর কখনো এমন অভিযান চালানো হবে না মর্মে তাদের কাছ থেকে জোরপূর্বক মৌখিক অঙ্গীকারও আদায় করে তারা।
জেলা মৎস্য কর্মকর্তা জানান, বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।