
গাইবান্ধায় মা-ছেলের মরদেহ উদ্ধার
বাংলাদেশ
শাহ্ অলিদুর রহমান, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২২:৫৭

মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ শাহিন। ছবি: সংগৃহীত
মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ শাহিনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মইনুল হক বাদী হয়ে এ মামলা করেছেন। এতে অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করা হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম জানান, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলাটি করা হয়েছে। ভূকশিমইল ইউনিয়নের নবাবগঞ্জ বাজারে ওই কার্যালয় অবস্থিত।
রোববার (১৫ নভেম্বর) কুলাউড়া থানায় মামলাটি দায়ের করেন মইনুল হক। পুলিশ জানিয়েছে, সাবেক সংসদ সদস্য এম এ শাহিনকে গ্রেফতারে কাজ চলছে। জানা গেছে, গত ৯ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে কয়েক দিনের জন্য দেশে বেড়াতে এসেছেন তিনি।
এম এ শাহিন ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন। পরে একই বছরের আরেকটি নির্বাচনে প্রার্থী হয়ে পরাজিত হন। ২০০১ সালের নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে চারদলীয় জোট থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী মনোনয়ন দেয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হন। পরে বিএনপিতে যোগ দেন।
অন্যদিকে, ২০১৮ সালে বিএনপির মনোনয়ন না পেয়ে বিকল্পধারায় যোগ দেন এম এ শাহিন। ওই নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ২০২৪ সালের নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন। এরপর আনুষ্ঠানিকভাবে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান।