
চট্টগ্রামে হামলা-চাঁদাবাজি মামলায় বগাসহ ১৩ জনের জামিন নামঞ্জুর
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৮:৩৫

পঞ্চগড়ে শরতের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ছবি: সময় সংবাদ
উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের আকাশে আবারও দেখা মিলেছে হিমালয়ের তুষারশুভ্র পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনভর পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে খালি চোখে দেখা গেছে পর্বতশৃঙ্গটি। তবে রোদ পড়তেই মুগ্ধ হয়ে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করেছেন স্থানীয়দের পাশাপাশি প্রকৃতিপ্রেমীরাও। এ সময় সে দৃশ্য দেখেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দর্শনার্থী ও পর্যটকরা।
সরেজমিনে দেখা যায়, পঞ্চগড় শহরসহ তেঁতুলিয়ার বিভিন্ন এলাকা থেকে দেখা যায় পর্বতশৃঙ্গটি। কেউ মোবাইল ফোনে ছবি তুলেছেন, কেউ আবার অপলক দৃষ্টিতে উপভোগ করেছেন হিমালয়ের সৌন্দর্য।
এ সময় তেঁতুলিয়ার মাগুরমারী সীমান্ত এলাকায় কথা হয় বিভিন্ন জেলা থেকে আসা পর্যটকদের সঙ্গে।
রাজধানী ঢাকার বাসিন্দা সাব্বির হোসেন সময় সংবাদকে বলেন, ‘ভাগ্য ভালো থাকায় এসেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। দীর্ঘ এক মাসের পরিকল্পনার পর এই যাত্রা সফল হয়েছে।’
পরিবার নিয়ে রাজশাহী থেকে আসা ওলিওর বলেন, ‘কয়েক দিন আগে কয়েকজন বন্ধু পঞ্চগড়ে এসে কাঞ্চনজঙ্ঘা না দেখেই ফিরে গেছেন। তাই এবার আসার আগে আমরাও কিছুটা দ্বিধায় ছিলাম। তবে সোমবার কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে, এমন খবর পেয়ে মঙ্গলবার পঞ্চগড়ে আসা। শেষ পর্যন্ত দেখা পেয়ে আমরা আনন্দিত।’
এর আগে সোমবার (২৬ অক্টোবর) সকাল ও বিকেলেও দেখা গিয়েছিল কাঞ্চনজঙ্ঘা। আকাশ পরিষ্কার থাকায় এবার তুলনামূলক স্পষ্টভাবে দেখা মিলেছে পাহাড়ের। এতে দীর্ঘদিন ধরে কাঞ্চনজঙ্ঘা দেখার অপেক্ষায় থাকা অনেকের মধ্যেই দেখা দিয়েছে আনন্দ। এ ছাড়া আবহাওয়া অনুকূলে না থাকায় এবং আকাশ পরিষ্কার না থাকায় গত কয়েকদিন দেখা মেলেনি।
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘মঙ্গলবার আকাশ পরিষ্কার ও মেঘমুক্ত থাকায় সকাল থেকেই কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাচ্ছে। আগামী দিনগুলোতেও অনুকূল আবহাওয়া থাকলে এর সৌন্দর্য উপভোগ করা যেতে পারে।’
উল্লেখ্য, কাঞ্চনজঙ্ঘা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮ হাজার ৫৮৬ মিটার। হিমালয়ের এই পর্বতশৃঙ্গটি নেপাল ও ভারতের সিকিম সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড়ের বিভিন্ন স্থান থেকেও দেখা মেলে এর অপরূপ দৃশ্য।