
নভেম্বর এলেই আতঙ্কে কাটে উপকূলবাসীর, বেড়িবাঁধের উপর নেই ভরসা
বাংলাদেশ
লোটাস রহমান সোহাগ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৩

নবগঙ্গা নদীর ওপর পাকা সেতু না থাকায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই ঝিনাইদহের ১০ গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা। ছবি: সময় সংবাদ
একটি সেতুর অভাবে বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ঝিনাইদহের ১০ গ্রামের মানুষ। নবগঙ্গা নদীর ওপর পাকা সেতু না থাকায় ঝুঁকিপূর্ণ কাঠ ও বাঁশের সেতুই তাদের চলাচলের একমাত্র ভরসা। এতে ভোগান্তিতে শিক্ষার্থী, কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে জরুরি চিকিৎসা সেবাও।
দুর্ভোগের কথা স্বীকার করে, সেতু নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানোর কথা জানিয়েছে এলজিইডি।
সরেজমিনে দেখা যায়, ঝিনাইদহের নবগঙ্গা নদীর ওপর নির্মিত সরু কাঠের সাঁকোটি এক পাশে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উদয়পুর। অন্য পাশে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারইখালী গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। ঝুঁকি নিয়েই প্রতিদিন এই সাঁকো পারাপার হচ্ছেন দুই পাড়ের মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়লে এবং সাঁকো পিচ্ছিল হয়ে উঠলে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।
উদয়পুর গ্রামের বাসিন্দা শাকিল হোসেন বলেন, ‘বছরের পর বছর ধরে এই সাঁকো দিয়ে আমাদের চলাচল করতে হচ্ছে। শিশু, নারী ও বয়স্কদের সাঁকো পার হতে অনেক সমস্যা হয়। অনেক সময় দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হয়। এখানে একটি পাকা সেতু নির্মাণ করা হলে দুই পাড়ের মানুষের দুর্ভোগ কমবে।’
বারইখালী গ্রামের কৃষক নজু মিয়া বলেন, সাঁকো দিয়ে ভ্যান, রিকশা কিংবা বড় কোনো যানবাহন চলাচল করতে পারে না। ফলে উৎপাদিত ফসল মাথায় করে নদী পার করতে হয়। কেউ অসুস্থ হলে কিংবা জরুরি প্রয়োজনে রোগী ও মালামাল আনা-নেয়ার ক্ষেত্রেও চরম সমস্যায় পড়তে হয়। বিকল্প পথে যেতে কয়েক কিলোমিটার ঘুরে যেতে হয়।’
স্থানীয় বাসিন্দা সালাম মিয়া বলেন, ‘ঝিনাইদহ পৌরসভা ও পার্শ্ববর্তী পোড়াহাটি ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে এখানে দ্রুত একটি পাকা সেতু নির্মাণ করা হোক। তাহলে আমাদের এই ভোগান্তি দূর হবে।
প্রাসঙ্গিক:
এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন, ‘ওই স্থানে সেতু না থাকায় স্থানীয়দের দুর্ভোগ হচ্ছে। সেখানে একটি সেতু নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’