
নভেম্বর এলেই আতঙ্কে কাটে উপকূলবাসীর, বেড়িবাঁধের উপর নেই ভরসা
বাংলাদেশ
শওকত আলী সৈকত, নারায়ণগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১৫:৮

নৌকা ও বাঁশের তৈরি সাঁকোয় পার হচ্ছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। ছবি: সময় সংবাদ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকো ও ডিঙি নৌকা। দীর্ঘ চার দশক ধরে জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয় নি। সেতুর অভাবে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন হাজার হাজার মানুষ। তাই ব্রহ্মপুত্র নদের ওপর একটি সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। এ বিষয়ে সরকারের ইতিবাচক পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সোনারগাঁও উপজেলার পঞ্চমীঘাট এলাকায় গিয়ে দেখা যায়, বর্ষার পানিতে ডুবে গেছে বাঁশের সাঁকো। তাই নৌকাই এখন সবার চলাচলের একমাত্র ভরসা।
ব্রহ্মপুত্র নদের পশ্চিম পাড়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদীপুর ইউনিয়নের পঞ্চমীঘাট, গোলনগর, নানাকি এবং পূর্ব পাড়ে সনমান্দি ইউনিয়নের কুমারচর, মুছারচর, দৌলরদী, জোয়ারদী, বাগবাড়ি, ফতেহপুরসহ ১০ থেকে ১২ গ্রামের মানুষের চলাচলের একমাত্র পথ এই বাঁশের সাঁকো। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পার হয়ে স্কুল-কলেজ, হাট-বাজার ও কর্মস্থলে যাতায়াত করেন শিক্ষার্থী, কৃষক এবং পেশাজীবী মানুষসহ গ্রামগুলোর বাসিন্দারা।
তাদের অভিযোগ, প্রতি বছর বর্ষা পুরো মৌসুমে সাঁকোটি পানিতে তলিয়ে গেলে বিকল্প পথ না থাকায় নৌকাই ছাড়া আর কোনো গতি নেই। সেতুর অভাবে সোনারগাঁ উপজেলার এই দুই ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ব্রহ্মপুত্র নদ পারাপার হচ্ছেন।
স্থানীয়রা জানান, ব্রহ্মপুত্র নদ দিয়ে বালুবাহী বাল্কহেডসহ পণ্যবাহী নৌযান চলাচল করায় দুর্ঘটনার আশঙ্কায় থাকেন গ্রামবাসী। ঝুঁকি নিয়ে নদী পারাপারে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হয়েছেন শিক্ষার্থীসহ বহু মানুষ। এছাড়া গত চার দশকে জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয় নি বলে অভিযোগ স্থানীয়দের। তাই জনভোগান্তি দূর করতে দ্রুত এখানে একটি সেতু নির্মাণের দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের মতে, ব্রহ্মপুত্র নদের ওপর একটি সেতু নির্মিত হলে সবার চলাচলের দুর্ভোগই কমবে না- বরং শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। দুই ইউনিয়নের মানুষের সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে।
প্রাসঙ্গিক:
এ বিষয়ে সরকারের ইতিবাচক পদক্ষেপ গ্রহণের কথা জানিয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত সময় সংবাদকে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সেতু নির্মাণের বিষয়ে ডিও লেটার (লিখিত প্রস্তাবনা) দিয়েছেন। আশার বাণী হচ্ছে, এরই পরিপ্রেক্ষিতে ব্রহ্মপুত্র নদের পঞ্চমীঘাট থেকে ৯৫ মিটার দৈর্ঘ্যের একটি সেতু অনুমোদনের অপেক্ষায় আছে। বিষয়টি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তিনি আরও বলেন, সেতুটি বাস্তবায়ন হলে ব্রহ্মপুত্র নদের দুই পাড়ের ২০-৩০ হাজার মানুষ দীর্ঘদিনের ভোগান্তি থেকে রেহাই পাবেন। আমরা আশা করছি খুব শিগগিরই এ বিষয়ে সোনারগাঁবাসীকে সুখবর দিতে পারব।