
এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারিতে বাংলাদেশের স্বর্ণজয়
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৮

টি-টেন লিগের ক্লাবের সহ-মালিক হলেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। ছবি: রয়টার্স
আগামী মাসে ইতালির রোমে অনুষ্ঠিতব্য টি-টেন লিগে নতুন ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছেন জেমস অ্যান্ডারসন। নেপলস ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে ইংল্যান্ডের এই কিংবদন্তি পেসারের। ল্যাঙ্কাশায়ার আগামী মৌসুমের জন্য ৪৪ বছর বয়সী অ্যান্ডারসনকে নতুন চুক্তি দেবে না বলে নিশ্চিত করার কিছুদিন পরই এ খবর এল। ফলে খেলোয়াড় হিসেবে তার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।
১৮ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলার কথা ইতালিয়া টি-টেন লিগের। অ্যাপেক্স টি-টেন লিমিটেড প্রতিষ্ঠিত এই লিগের মালিকানায় রয়েছেন এসেক্স ও সারের সাবেক ব্যাটার নাদিম শহিদ। মঙ্গলবার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের অন্যতম ফ্র্যাঞ্চাইজি নাপোলি নাইটস পরিচালনা করবে ব্রিটিশ ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা অ্যাক্টিভেট স্পোর্ট অ্যান্ড লেইজার।
অ্যাক্টিভেটের প্রধান ও ল্যাঙ্কাশায়ারের সাবেক উইকেটকিপার লুক সাটনকে অ্যান্ডারসনের সঙ্গে যৌথ মালিক হিসেবে ঘোষণা করা হয়েছে। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েক বছর অ্যান্ডারসনের ম্যানেজার ছিলেন সাটন। ক্রিকইনফো যোগাযোগ করলেও সাটন তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেননি, অ্যান্ডারসন ফ্র্যাঞ্চাইজিটিতে নিজের অর্থ বিনিয়োগ করেছেন, নাকি তাকে কাজ ও অবদানের বিনিময়ে মালিকানার অংশ দেওয়া হয়েছে, যা ‘সোয়েট ইকুইটি’ নামে পরিচিত।
গত সপ্তাহে ল্যাঙ্কাশায়ারের নতুন ক্রিকেট পরিচালক পল ফারব্রেস অ্যান্ডারসনকে জানিয়ে দেন, আগামী মৌসুমের জন্য তাকে চুক্তির প্রস্তাব দেওয়ার পরিকল্পনা নেই ক্লাবটির। রোববার (২৫ অক্টোবর) ইনস্টাগ্রামে নিজের হতাশা প্রকাশ করেন অ্যান্ডারসন।
তিনি লেখেন, ‘সিদ্ধান্তটা আমার হাতে থাকলে এভাবে শেষ হতো না। তবে ভবিষ্যতের জন্য খেলোয়াড় ও সমর্থকদের শুভকামনা জানাই।’
২০২৭ সালের জন্য অন্য কোনো কাউন্টি দলের সঙ্গে নতুন চুক্তি করার চেষ্টা অ্যান্ডারসন করবেন কি না, তা এখনো পরিষ্কার নয়। গত কয়েক বছর ধরে গণমাধ্যমেও নিজের উপস্থিতি বাড়িয়েছেন তিনি। নিয়মিত বিবিসিতে ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করেন এবং ‘টেইলেন্ডার্স’ পডকাস্টেও অংশ নেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের দুই বছর পর অল্প সময়ের জন্য ইংল্যান্ড দলের কোচিংয়েও যুক্ত ছিলেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) নিজের পডকাস্টে ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতির সমালোচনা করেছেন অ্যান্ডারসনের সাবেক ইংল্যান্ড সতীর্থ স্টুয়ার্ট ব্রড।
‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে ব্রড বলেন, ‘ল্যাঙ্কাশায়ার যেভাবে বিষয়টি সামলেছে, তা আমার ভালো লাগেনি। কাজটি সঠিকভাবে করা হয়নি। আমার মনে হয়েছে, এটি অসম্মানজনক। আপনার ক্লাবের কিংবদন্তি বা খেলার মহান খেলোয়াড়দের আরও ভালোভাবে বিদায় জানানো উচিত। এ ঘটনা ক্লাবটিতে নেতৃত্বের অভাবও তুলে ধরে।’
টি-টেন দলের সহ-মালিক হিসেবে অ্যান্ডারসনের সম্পৃক্ততা অনেকের কাছেই বিস্ময়কর। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি তার অনাগ্রহের কথা বিবেচনা করলে বিষয়টি আরও চমকপ্রদ। দীর্ঘ ক্যারিয়ারে সীমিত ওভারের ক্রিকেটে তিনি খুব কমই খেলেছেন। গত বছর ‘দ্য হানড্রেড’-এ ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে খেলার স্বল্প অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেছিলেন, সেই সময়ের ‘প্রতিটি মুহূর্তই তার অপছন্দ ছিল’।
তবে নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অ্যান্ডারসন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘আমার পুরো ক্যারিয়ারে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। এখন সম্পূর্ণ ভিন্নভাবে এই খেলাটির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই রোমাঞ্চিত। লুকের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তাই একসঙ্গে এই নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা আমার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘ইতালিয়া টি-টেন একটি আকর্ষণীয় উদ্যোগ। ইতালিতে ক্রিকেটের পরিচিতি বাড়ানোর পাশাপাশি অসাধারণ কিছু খেলোয়াড়কে একত্র করা এবং বিনোদনমূলক একটি টুর্নামেন্ট আয়োজনের বড় সুযোগ রয়েছে এখানে। অবশ্যই আমরা চাই নাপোলি নাইটস প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হয়ে শিরোপার লড়াই করুক। তবে একই সঙ্গে এমন একটি উদ্যোগে অবদান রাখতে চাই, যা টুর্নামেন্ট শেষ হওয়ার পরও ক্রমাগত বিকশিত হবে।’
সাটন বলেন, ‘নাপোলি নাইটসের মালিক হিসেবে ইতালিয়া টি-টেনে যুক্ত হতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত। জীবনের বড় একটি অংশ ক্রিকেটের সঙ্গে কাটানোর পর জিমি ও আমি মনে করি, নতুন ও উচ্চাকাঙ্ক্ষী একটি উদ্যোগের অংশ হওয়া এবং উদীয়মান ক্রিকেট খেলুড়ে দেশে খেলাটির প্রসারে সাহায্য করার এটি অসাধারণ সুযোগ।’
সাম্প্রতিক বছরগুলোতে ইতালিতে ক্রিকেটের জনপ্রিয়তা ধারাবাহিকভাবে বেড়েছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের শুরুতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় দেশটির পুরুষ জাতীয় দল। গ্রুপ পর্বের একটি ম্যাচে নেপালকে ১০ উইকেটে হারায় তারা।
ইতালির জাতীয় দলটি মূলত ইতালীয় বংশোদ্ভূত বিদেশে জন্ম নেওয়া খেলোয়াড়দের ওপর অনেকটাই নির্ভরশীল। তাদের অধিনায়কত্ব করেছেন ডার্বিশায়ারের ওয়েন ম্যাডসেন এবং অস্ট্রেলিয়ার অলরাউন্ডার হ্যারি মানেন্তি।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মালিকেরাও ইতালিয়া টি-টেন লিগে যুক্ত হয়েছেন। তারা রোম ফ্র্যাঞ্চাইজিটি কিনেছেন। এ ছাড়া ভারতীয় ও পাকিস্তানি ব্যবসায়ীরাও এই লিগে বিনিয়োগ করেছেন।
লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের লক্ষ্য হলো ‘বিনোদনমূলক ক্রিকেট উপহার দেওয়া, প্রতিভাবান খেলোয়াড়দের তুলে ধরা এবং ইতালি ও আন্তর্জাতিক পর্যায়ের দর্শকদের সম্পৃক্ত করা।’