
ইউক্রেনকে যুদ্ধ থামানোর চাপ ট্রাম্পের, পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন দূত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১৪:৩০

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: এপি
চলতি মাসের শুরুর দিকে ইরানে নতুন করে হামলার পরিকল্পনা করেছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে সংঘাত পুনরায় শুরু করার বিরোধিতা করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বিষয়টি সম্পর্কে অবগত তিনজন কর্মকর্তার বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত ১০ অক্টোবর ইরানের পারমাণবিক, সরকারি স্থাপনা এবং বিদ্যুৎকেন্দ্রের মতো বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিয়েছিল ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে সংঘাত নতুন করে শুরু না করার সিদ্ধান্ত নেন ডনাল্ড ট্রাম্প।
প্রতিবেদন মতে, ইরানে পরিকল্পিত হামলা হলে তা গত ফেব্রুয়ারির যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার চেয়ে প্রাণঘাতী হওয়ার আশঙ্কা ছিল। পরিকল্পিত ওই হামলায় যুক্তরাষ্ট্র অংশ নিত কি না, স্পষ্ট নয়। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবারও সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না বলে একটি সূত্র জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে হামলার লক্ষ্যবস্তুর একটি তালিকা তৈরি করেছে ইসরাইল। তালিকায় এমন কিছু বেসামরিক অবকাঠামো রয়েছে, যেগুলোতে আগে হামলা হয়নি।
অন্য একটি সূত্রের মতে, আইডিএফের হামলার প্রস্তুতি ইরানের সঙ্গে আলোচনায় চাপ তৈরির কৌশলও হতে পারে। তবে সূত্রটি জানায়, সংঘাত পুনরায় শুরু করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ট্রাম্পের হাতেই ছিল।
এ বিষয়ে পেন্টাগন কোনো মন্তব্য করেনি বলে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনটি এমন সময় প্রকাশিত হলো, যখন এক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গোপনে ইসরাইল সফর করে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।
গত এপ্রিলে ইরান ও যুক্তরাষ্ট্র সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়। এরপর পারমাণবিক ইস্যুতে চূড়ান্ত চুক্তির জন্য জুনের মাঝামাঝিতে দুই দেশ একটি সমঝোতা স্মরকে সই করে। তবে হরমুজ প্রণালি ইস্যুতে মতবিরোধের জেরে জুলাইয়ে পাল্টাপাল্টি সংঘাতে জড়ায়। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে মাইন বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।
গত ৯ অক্টোবর ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ওয়াশিংটন ইরানে হামলা চালাবে না। এর কয়েক দিন আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরাইলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির মার্কিন সেনাপ্রধানকে সতর্ক করে বলেছিলেন, তেহরানে হামলা হলে ইসরাইরের আসন্ন নির্বাচন পিছিয়ে যেতে পারে।
ইসরাইলি নীতি নির্ধারকদের মূল্যায়ন হলো, যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে জবাবে তেল আবিবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে তেহরান।
গত সপ্তাহে ইসরাইলের চ্যানেল ১২ জানায়, আগামী ২৭ অক্টোবর ইসরাইলের নির্বাচন এবং ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানে আবারও সামরিক অভিযান শুরু করতে ট্রাম্পকে অনুরোধ করেছিলেন নেতানিয়াহু।
সূত্র: টাইমস অব ইসরাইল