
মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনিদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৬

সম্ভাব্য হামলা মোকাবিলায় আরও ধ্বংসাত্মক সামরিক পরিকল্পনা প্রস্তুত রাখার কথা জানিয়েছে ইরান। ফাইল ছবি: রয়টার্স
ইরানের জ্বালানি অবকাঠামোয় কোনো হামলা হলে ইসরাইলের বিরুদ্ধে ভয়াবহ প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। হামলা হলে ইসরাইলি ভূখণ্ডকে ‘পোড়ামাটিতে’ পরিণত করা এবং সেখানকার বাসিন্দাদের মিশরের সিনাই উপদ্বীপে বিতাড়িত করার হুমকি দিয়েছে তেহরান।
রোববার (১৮ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ ইংলিশের এক্স অ্যাকাউন্টে দেয়া পোস্টে আইআরজিসির মুখপাত্রের বরাতে এ হুঁশিয়ারি দেয়া হয়।
বিবৃতিতে বলা হয়, ‘ইরানের জ্বালানি অবকাঠামোয় যেকোনো আগ্রাসন চালানো হলে, যদিও তরুণ বিজ্ঞানীরা তা দ্রুত মেরামত করে ফেলতে পারবেন। অধিকৃত অঞ্চলগুরো চিরতরে পোড়া জমিতে পরিণত হবে এবং সেখানকার দখলদারদের সিনাই উপদ্বীপে বিতাড়িত করা হবে। বিশ্ব দেখবে এরপর কী ঘটে!’
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইসরাইলকে এ হুমকি দিল আইআরজিসি। তবে বিবৃতিতে ইসরাইলের কোনো নির্দিষ্ট স্থাপনা বা লক্ষ্যবস্তুর নাম উল্লেখ করা হয়নি। একই সঙ্গে সম্ভাব্য পাল্টা হামলার সময়সীমাও জানানো হয়নি।
এদিকে হরমুজ প্রণালি আবারও খুলে দিতে যুক্তরাষ্ট্রের কাছে দেয়া সাত দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রোববার ইরানের সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটনের দেয়া মন্তব্য পর্যালোচনা করছে তেহরান। তবে নৌপথটি চালুর শর্তে কোনো পরিবর্তন আসেনি।
ইরানের প্রস্তাব অনুযায়ী, প্রথমে দেশটির বন্দর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, ইরানি তেল রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং আঞ্চলিক সব ফ্রন্টে সংঘাত বন্ধ করতে হবে। এসব শর্ত মানা হলে ছয় দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেয়া সম্ভব। পরদিন শুরু হবে আলোচনা। তবে ওয়াশিংটনের মতে, সমঝোতার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমাতে হবে তেহরানকে।
আরাঘচি বলেন, ‘আমরা যে শর্তগুলো দিয়েছি, সেগুলো অস্বাভাবিক বা অযৌক্তিক নয়। আগেও আমি এ কথা বলেছি। হরমুজ প্রণালি খুলে দেয়ার সদিচ্ছা যুক্তরাষ্ট্রের থাকলে, কয়েক দিনের মধ্যেই তারা এসব শর্ত পূরণ করতে পারবে।’
এদিকে, হরমুজ প্রণালির আশপাশে জাহাজে হামলার ঘটনা বাড়ছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থার তথ্য অনুযায়ী, গেলো রোববার থেকে এক সপ্তাহে প্রণালির ভেতরে ও আশপাশে অন্তত ১০টি জাহাজে হামলা হয়েছে। প্রণালিতে অস্থিতিশীলতা বিশ্ব জ্বালানি সরবরাহ ও বাজারে চাপ বাড়াচ্ছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা শুরু করলে ওয়াশিংটন ও মধ্যপ্রাচ্যে তার মিত্রদের ভয়াবহ ক্ষয়ক্ষতি করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি।