
নির্বাচনে হেরে ইরানে ‘বড় ধরনের আঘাতের’ ইঙ্গিত ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১০:৪৮

সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজীন ৫১টি আসন জয় নিশ্চিত করেছে বিরোধীরা। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে এক বিশাল রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের মধ্যদিয়ে দেশটির উচ্চকক্ষ সিনেটের পূর্ণ নিয়ন্ত্রণ তুলে নিল ডেমোক্র্যাটিক পার্টি। মার্কিন সংবাদমাধ্যমগুলোর সবশেষ তথ্যানুযায়ী, ১০০ আসনের সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ন্যূনতম ৫১টি আসনে জয় নিশ্চিত করেছে বিরোধীরা। আরও ২টি আসনে ডেমোক্র্যাট প্রার্থীরা এগিয়ে থাকায় তাদের আসনসংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বিপরীতে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি এখন পর্যন্ত ৩৯টি আসনে জয় পেয়েছে এবং ৬টিতে এগিয়ে রয়েছে।
এই জয়ের মাধ্যমে ওয়াশিংটনে রিপাবলিকানদের একক আধিপত্য বা ‘ট্রাইফেক্টা’র অবসান ঘটল। ২০২৪ সালের নির্বাচনে জয় পেয়ে সিনেট, প্রতিনিধি পরিষদ ও হোয়াইট হাউস–তিন জায়গাতেই নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল রিপাবলিকান পার্টি। কিন্তু দুই বছরের ব্যবধানেই সিনেটের নিয়ন্ত্রণ হারানোর মাধ্যমে বড় ধরনের নীতিগত ও আইনগত চ্যালেঞ্জের মুখে পড়ল ক্ষমতাসীন প্রশাসন।
এবার মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের তুলনায় সিনেট হাতছাড়া হওয়া রিপাবলিকানদের জন্য কঠিন ছিল, কারণ এবার সিনেটের অল্পসংখ্যক আসনেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু একাধিক রিপাবলিকান দুর্গে ডেমোক্র্যাটদের নাটকীয় জয় সব হিসাব-নিকাশ উল্টে দিয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এবারে নির্বাচনে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে নাটকীয় জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাসে বড় চমক দেখিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো। রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে পরাজিত করে অভাবনীয় জয় তুলে নেন তিনি, যা ১৯৯৪ সালের পর অঙ্গরাজ্যটিতে ডেমোক্র্যাটদের প্রথম সিনেট জয়। এ ছাড়া সাউথ ক্যারোলাইনায় প্রয়াত লিন্ডসে গ্রাহামের বোনকে হারিয়ে জয় পান ডেমোক্র্যাট চিকিৎসক অ্যানি অ্যান্ড্রুজ। অঙ্গরাজ্যটিতে সবশেষ ১৯৯৮ সালে কোনো ডেমোক্র্যাট সিনেট নির্বাচনে জয় পেয়েছিলেন।
একই সঙ্গে নর্থ ক্যারোলাইনায় সাবেক গভর্নর রয় কুপার মাইকেল হোয়াইটলিকে হারিয়ে আসন ছিনিয়ে নেন। ওহাইওতে ক্ষমতাসীন রিপাবলিকান সিনেটর জন হাসটেডকে হারিয়ে আসনটি পুনরুদ্ধার করেছেন ডেমোক্র্যাট শেরড ব্রাউন এবং কানসাসে রিপাবলিকান সিনেটর রজার মার্শালকে পরাজিত করে ঐতিহাসিক জয় নিশ্চিত করেছেন ডেমোক্র্যাট যাজক অ্যাডাম হ্যামিল্টন।
১১৯তম কংগ্রেসে এতদিন ৫৩টি আসন নিয়ে সিনেটের নিয়ন্ত্রণে ছিল রিপাবলিকানরা। তবে মঙ্গলবারের ফলাফলের মধ্যদিয়ে ক্যাপিটল হিলের ক্ষমতা ভারসাম্য পুরোপুরি ঘুরে গেল, যা রিপাবলিকানদের ভবিষ্যৎ বিল পাস ও নির্বাহী এজেন্ডা বাস্তবায়নে বড় বাধা তৈরি করবে।