
এশিয়ার সবচেয়ে বড় ১০ সেনাবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৮:২৫

যুক্তরাষ্ট্র যেকোনো মুহূর্তে ইরানে আবারও সামরিক হামলা চালাতে পারে বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, ওয়াশিংটন এখনও তেহরানের সঙ্গে একটি 'বিশাল ও সুন্দর' চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য নতুন সামরিক অভিযান নিয়ে আলোচনার মধ্যেই তার এই বক্তব্য সামনে এলো। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমরা বিষয়টি নিয়ে ভাবছি, এবং হয়তো আগামীকালই এটি হতে পারে।'
হামলার চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে তিনি রহস্য বজায় রেখে আরও যোগ করেন, 'আমি হামলা চালাব কি না, তা কি আপনাদের সত্যি সত্যি বলে দেব?'
তবে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন সমঝোতায় পৌঁছালে ইরান এই সামরিক পদক্ষেপ এড়াতে পারে। তিনি বলেন, 'তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু মূল সমস্যা হলো তারা কি চুক্তি মেনে চলবে?'
ইরান যেন শেষ পর্যন্ত কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটিই তার মূল লক্ষ্য বলে পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। ইতিপূর্বে মার্কিন বি-২ বোমারু বিমান ব্যবহার করে চালানো সামরিক অভিযান এই দীর্ঘমেয়াদি লক্ষ্যের জন্য যথেষ্ট ছিল না উল্লেখ করে তিনি বলেন, 'আমাকে এই সমাধানটি স্থায়ী করতে হবে। এটিই আমার পদক্ষেপ নেওয়ার একমাত্র কারণ।'
এছাড়া বক্তব্যের একপর্যায়ে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, যুদ্ধ শুরু হওয়ার আগের তুলনায় বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল পরিবহন বৃদ্ধি পেয়েছে। তবে এই দাবির সপক্ষে তিনি কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান উপস্থাপন করেননি।
পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা না জানিয়ে সামরিক শক্তি প্রয়োগ ও কূটনীতি, উভয় পথই খোলা রাখার কথা জানান ট্রাম্প। তিনি বলেন, 'হয়তো আমাকে এই বিষয়টি চূড়ান্ত সমাধান করতে হবে, নয়তো তারা চুক্তিতে আসবে। তবে আমি এখনও নিশ্চিত নই। যেভাবে হোক না কেন, জয় আমাদেরই হবে।'
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর পুরো মধ্যপ্রাচ্যে ব্যাপক সংঘাত ছড়িয়ে পড়ে। পরবর্তীতে একটি যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির কাঠামো তৈরি হলেও চূড়ান্ত কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।