
চার মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতিমধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মূল উৎস ইসরাইলি দখলদারিত্ব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:২৪

ইউক্রেনের অলেশকি শহর। ছবি: সংগৃহীত
রুশ বাহিনীর দখলে থাকা ইউক্রেনের অলেশকি শহরে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। যুক্তরাষ্ট্র ও দেশটির ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় এই সমঝোতা হয়েছে বলে জানিয়েছে উভয় পক্ষ। আগামী ২৭ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া এই যুদ্ধবিরতির মাধ্যমে অবরুদ্ধ শহরটিতে মানবিক সহায়তা পৌঁছানো এবং বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, সাড়ে চার বছর ধরে চলা এই যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার মধ্যেই এই চুক্তিটি এলো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আগামী নভেম্বরের প্রথমার্ধে আবুধাবিতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে কারিগরি পর্যায়ের নতুন একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
পরবর্তী এই বৈঠক নিয়ে এক মার্কিন কর্মকর্তা জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে আবুধাবি অথবা সুইজারল্যান্ডে তিন দেশের প্রতিনিধিরা আলোচনায় বসতে পারেন। জেলেনস্কি আশা প্রকাশ করেছেন, এই আলোচনার পর দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠক আয়োজন সম্ভব হবে।
এর আগে গত ফেব্রুয়ারিতে মার্কিন মধ্যস্থতায় হওয়া আলোচনা কোনো সুনির্দিষ্ট অগ্রগতি ছাড়াই আটকে গিয়েছিল। রাশিয়া এখনো ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের পুরোটা তাদের হাতে ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছে, যার মধ্যে কিছু এলাকা এখনো তারা দখল করতে পারেনি। অন্যদিকে, কিয়েভ তাদের সার্বভৌম ভূখণ্ডের কোনো অংশ ছেড়ে দেওয়ার প্রস্তাব শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে।
সম্প্রতি ওয়াশিংটন ও কিয়েভের মধ্যকার তিক্ত সম্পর্ক এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু পদক্ষেপের প্রেক্ষাপটে এই নতুন শান্তি প্রচেষ্টা শুরু হলো। ইউক্রেনের প্রতিরক্ষায় ব্যবহৃত স্পেসএক্সের 'স্টারলিংক' ইন্টারনেট ব্যবস্থায় নতুন সীমাবদ্ধতা তৈরি হওয়ায় ট্রাম্পের ওপর ক্ষোভ প্রকাশ করেছিল কিয়েভ। এ বিষয়ে ট্রাম্প শুক্রবার (২৩ অক্টোবর) জানান, ইউক্রেন এই ব্যবস্থায় এখনো সমস্যা অনুভব করলে তিনি তা সমাধান করবেন এবং প্রয়োজনে স্পেসএক্সের সিইও ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন।
এছাড়া বিশ্ববাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে ট্রাম্পের একটি সিদ্ধান্তের পর অসন্তোষ প্রকাশ করেছে ইউক্রেন। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে ডিজেল সরবরাহের সুযোগ পেয়েছে রাশিয়া। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেকজান্ডার নোভাক জানান, মার্কিন ভূখণ্ডের উদ্দেশে রুশ ডিজেলবাহী প্রথম তিনটি ট্যাঙ্কার ইতিমধ্যেই যাত্রা শুরু করেছে।
দীর্ঘদিন ধরে দখলদারিত্বের শিকার অলেশকি শহরে তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, মানবিক সহায়তা পৌঁছানো এবং সুরক্ষিত উপায়ে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার পথ তৈরি করতেই উভয় দেশ সামরিক তৎপরতা সাময়িকভাবে স্থগিত রাখতে রাজি হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে দেশটির সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমোভ জানিয়েছেন, স্থানীয় সময় ২৭ অক্টোবর ভোর ৪টা থেকে রুশ বাহিনী গুলিবর্ষণ বন্ধ রাখবে। ইউক্রেনের জেনারেল স্টাফও একই সময় থেকে যুদ্ধবিরতি মেনে চলার অঙ্গীকার করেছে। ইউক্রেনের মানবাধিকার বিষয়ক ওম্বুডসম্যান দ্মিত্রো লুবিনেটস জানান, এই অভিযানের অংশ হিসেবে শহরের রাস্তাগুলো থেকে মাইন অপসারণ করা হবে এবং বেসামরিক লোকজনকে নিরাপদে বের করে আনা হবে।