
বিশ্ব ডায়াবেটিস দিবসে জেকে লাইফস্টাইলের সচেতনতামূলক ক্যাম্পেইন
স্বাস্থ্য
স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৫:৪৬

ডায়াবেটিসের ভয়াবহতার শিকার লাখো মানুষ। ছবি: সংগৃহীত
দেশে প্রায় দেড় কোটি মানুষ ভুগছেন ডায়াবেটিসে। আশ্চর্যের বিষয় হলো, এর মধ্যে অর্ধেক মানুষই জানেন না তাদের ডায়াবেটিসের কথা। কোনো উপসর্গ ছাড়াই যেমন এ রোগে মানুষ আক্রান্ত হচ্ছেন, তেমনই পরিবর্তন হচ্ছে উপসর্গেরও।
নতুন লক্ষণ হিসেবে দেখা দিয়েছে দাঁতের মাড়ির রোগ। তাই চিকিৎসকদের পরামর্শ, উপসর্গ না থাকলেও নিয়মিত পরীক্ষা আর নিয়ন্ত্রিত জীবনযাপনই পারে ডায়াবেটিসের ঝুঁকি কমাতে।
বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে নগরায়নের পাশাপাশি মহামারি বিবেচনায় নিয়ে ব্যবস্থা নিতে হবে সরকারকে।
৬০ বছরের মনির হোসেনের সামান্য খোঁচায় কেটে ফেলতে হয়েছে এক পায়ের দুটি আঙুল। হয়তো কেটে ফেলতে হবে গোড়ালির ওপরের অংশও।
তিন বছর আগে ডায়াবেটিস ধরা পড়লেও নেননি নিয়মিত চিকিৎসা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই ব্যক্তির এখন আয়-রোজগার বন্ধ। চিকিৎসা চলছে মানুষের সহায়তায়।
ডায়াবেটিসের ভয়াবহতার শিকার এমন লাখো মানুষ। বিশ্বব্যাপী এখন মহামারি ডায়াবেটিস। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য, ২০২৪ সালে বিশ্বে প্রাপ্তবয়স্ক প্রায় ৫৮ কোটি ৯০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হন। প্রতি ৯ জনে একজন ভুগছেন ডায়াবেটিসে। ২০৫০ সালে এ সংখ্যা ৮৫ কোটি ৩০ লাখে দাঁড়াতে পারে বলে শঙ্কা সংস্থাটির।
বাংলাদেশেও প্রায় ১ কোটি ৩৯ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। তবে আতঙ্কের বিষয়, ৩৯ শতাংশের বেশি মানুষই জানেন না তাদের রোগটির কথা।
চিকিৎসকরা বলছেন, শুরুতে উপসর্গ না থাকলেও দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ক্ষতিগ্রস্ত হতে পারে কিডনি, চোখ। বাড়তে পারে হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি। কিছু ক্ষেত্রে পরিবর্তন এসেছে লক্ষণেও। নতুন করে দেখা দিচ্ছে দাঁতের মাড়ির রোগ।
তবে সময়মতো শনাক্ত ও সচেতন জীবনযাপনে কমানো সম্ভব ডায়াবেটিসের ঝুঁকি। নিয়মিত ডায়াবেটিস পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের।
ডায়াবেটিসকে মহামারি বিবেচনায় নিয়ে প্রতিরোধ ব্যবস্থা নেয়ার তাগিদ বিশেষজ্ঞের। স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে নগরায়ন ও সচেতনতায় জোর দেন তিনি।
দৈনন্দিন জীবনে সামান্য কিছু অভ্যাসের পরিবর্তনই পারে এই নীরব ঘাতকের ভয়াবহ ঝুঁকি কমাতে।
ডায়াবেটিস একদিনে ভয়াবহ হয়ে ওঠে না। নীরবে বাড়তে থাকে এর জটিলতা। তাই উপসর্গ দেখা দেয়ার অপেক্ষা নয়, প্রয়োজন আগেই সচেতন হওয়া। চিকিৎসকরা বলছেন, নিয়মিত পরীক্ষা, নিয়ন্ত্রিত জীবনযাপন আর সময়মতো চিকিৎসাই পারে ডায়াবেটিসের ভয়াবহ পরিণতি অনেকটাই ঠেকাতে।
প্রাসঙ্গিক: