
এলডিসি উত্তরণসংস্কার বাস্তবায়ন না করলে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বাসযোগ্যতা হারাবে বাংলাদেশ: ড. দেবপ্রিয়
সেলিয়া সুলাতানা
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১২:৩১

ছবি: সময় সংবাদ
বাংলাদেশে প্রথমবারের মতো ওমনিচ্যানেল ব্যাংকিং সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে গ্রাহকরা ব্যাংকের শাখা, কল সেন্টার, এজেন্ট ব্যাংকিং, মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট-যেকোনো একটি মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম শুরু করে অন্য মাধ্যমে তা সম্পন্ন করতে পারবেন। ফলে একই তথ্য বারবার দেয়া কিংবা নতুন করে পুরো প্রক্রিয়া শুরু করার প্রয়োজন হবে না। ব্যাংকটির দাবি, এতে গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা হবে আরও সহজ, দ্রুত, নিরবচ্ছিন্ন ও ব্যক্তিকেন্দ্রিক।
রোববার (১ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে নতুন এই উদ্যোগকে ব্যাংকটির ডিজিটাল রূপান্তরের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়েছে।
নতুন ব্যবস্থায় ব্যাংকের বিভিন্ন সেবা চ্যানেলকে একটি সমন্বিত ইকোসিস্টেমের আওতায় আনা হয়েছে। ফলে কোনো গ্রাহক ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার আবেদন শুরু করলে পরবর্তী সময়ে শাখা বা কল সেন্টারের মাধ্যমে তা সম্পন্ন করতে পারবেন। একইভাবে ঋণ কিংবা ক্রেডিট কার্ডের আবেদনও এক চ্যানেলে শুরু করে অন্য চ্যানেলে চালিয়ে নেয়া যাবে। কোনো কারণে আবেদন মাঝপথে বন্ধ হয়ে গেলেও যেখানে কাজ শেষ হয়েছিল, সেখান থেকেই আবার শুরু করা সম্ভব হবে।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এস হাসান বলেন, ওমনিচ্যানেল ব্যাংকিং শুধু প্রযুক্তিগত পরিবর্তন নয়, বরং গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ রূপান্তর। ডিজিটাল সুবিধা ও মানবিক সেবার সমন্বয়ে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী ব্যাংকিং অভিজ্ঞতা তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের তথ্য বিভিন্ন চ্যানেলে সমন্বিতভাবে সংরক্ষিত থাকবে। ফলে চ্যানেল পরিবর্তন করলেও একই তথ্য বারবার দিতে হবে না। পাশাপাশি ব্যাংকের কর্মকর্তারা গ্রাহকের আগের যোগাযোগ ও লেনদেনের প্রাসঙ্গিক তথ্য জানতে পারবেন। এর ভিত্তিতে গ্রাহকের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী ব্যক্তিকেন্দ্রিক সেবা এবং বিশেষ অফার দেয়ার সুযোগ তৈরি হবে।
এ সুবিধা শুধু নতুন অ্যাকাউন্ট খোলার মধ্যেই সীমাবদ্ধ নয়। অ্যাকাউন্ট খোলা, ঋণ, ক্রেডিট কার্ডসহ বিভিন্ন ব্যাংকিং পণ্য ও সেবার ক্ষেত্রেও এটি ব্যবহার করা যাবে। বিদ্যমান গ্রাহকদের পাশাপাশি নতুন গ্রাহকরাও এ অভিজ্ঞতার আওতায় আসবেন। এমনকি যারা এখনো ব্র্যাক ব্যাংকের গ্রাহক নন, তারাও অ্যাকাউন্ট, ঋণ কিংবা ক্রেডিট কার্ডের জন্য আবেদন শুরু ও সম্পন্ন করতে পারবেন।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, আধুনিক প্রযুক্তি, ডেটা অ্যানালিটিকস ও ব্যক্তিকেন্দ্রিক সহায়তার সমন্বয়ে গ্রাহকদের জন্য সমন্বিত ব্যাংকিং অভিজ্ঞতা তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে ব্যাংকিং সেবাকে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করার পাশাপাশি গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
ব্যাংকিং খাতে প্রযুক্তির ব্যবহার বাড়লেও বিভিন্ন মাধ্যমে সেবা নিতে গিয়ে গ্রাহকদের তথ্য পুনরায় দেয়া, একই কাজের জন্য একাধিকবার যোগাযোগ এবং আবেদনপ্রক্রিয়ার জটিলতা এখনো বড় চ্যালেঞ্জ। ব্র্যাক ব্যাংকের নতুন এই উদ্যোগ এসব সীমাবদ্ধতা কতটা কমাতে পারে, তা নির্ভর করবে সেবার বাস্তবায়ন, তথ্যের নিরাপত্তা এবং সব চ্যানেলে সমান মানের সেবা নিশ্চিত করার ওপর।
ব্যাংকটির চারটি প্রধান সেবা মাধ্যমের আওতায় রয়েছে ৩১২টি শাখা ও উপশাখা, ১ হাজার ১০০-এর বেশি এজেন্ট আউটলেট, কল সেন্টার এবং দুটি ডিজিটাল চ্যানেল-মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট। এসব চ্যানেলের যেকোনোটি ব্যবহার করেই গ্রাহকরা ওমনিচ্যানেল ব্যাংকিংয়ের সুবিধা নিতে পারবেন। এমনকি স্মার্টফোন ব্যবহার না করেও শাখা বা কল সেন্টারের মাধ্যমে এ সেবা পাওয়া যাবে।
এ সেবা ব্যবহারের জন্য আলাদা কোনো ওমনিচ্যানেল চার্জ দিতে হবে না বলে জানিয়েছে ব্যাংকটি। তবে সংশ্লিষ্ট ব্যাংকিং পণ্য বা সেবার প্রচলিত ফি ও চার্জ বহাল থাকবে। গ্রাহকদের সহায়তায় ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন (২৪/৭) ডেডিকেটেড সাপোর্টের ব্যবস্থাও রাখা হয়েছে।