
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২০:৪৬

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
পতিত ও পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সাম্প্রতিক পোশাক খাতের অস্থিরতাকে পলাতক গোষ্ঠীর চক্রান্তের অংশ উল্লেখ করে কোনো ধরনের উসকানিতে পা না দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সংসদের সব কার্যক্রমে অংশ নিয়ে সংসদকে কার্যকর ও প্রাণবন্ত রাখার জন্য তিনি স্বতন্ত্র সদস্য, বিরোধীদলীয় নেতা ও সদস্য এবং নিজ দলের সংসদ সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
গণতন্ত্রে আলোচনা, সমালোচনা ও ভিন্নমত থাকবেই উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশ ও জনগণের স্বার্থে সবাই মিলে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পুনর্গঠনে এগিয়ে যেতে হবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে হাজারো প্রাণের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, দেশের স্বাধীনতাপ্রিয় জনগণ কারও বশ্যতা মেনে নেয়ার জন্য রক্ত দেয়নি।
সংসদের ভেতরের ও বাইরের সব গণতান্ত্রিক দলকে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দেশনেত্রী খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’ অধিবেশনের শেষ শপথ ও প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করব, আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করব, আমাদের এই স্বাধীন সার্বভৌম সংসদ আমরা রক্ষা করব; বাংলাদেশকে আর কোনো তাবেদারের হাতে আমরা সঁপে দেব না।’
সাম্প্রতিক পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টাকে পলাতক অপশক্তির ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘পলাতক ফ্যাসিস্ট চক্র যেভাবে দেশের স্বাস্থ্য খাতকে পরনির্ভরশীল করে তুলেছিল এবং একটি বিশেষ দেশে মানুষকে চিকিৎসা নিতে বাধ্য করেছিল, এখন দেশের গার্মেন্টস শিল্পকেও ধ্বংস করার পাঁয়তারায় লিপ্ত হয়েছে। আমাদের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার মাধ্যমেও কি তারা এর সুবিধা অন্য কোনো বিশেষ দেশের হাতে তুলে দিতে চাইছে, সেটি আজ চিন্তা করার সময় এসেছে।’
শ্রমিকদের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে সরকার সম্পূর্ণ ওয়াকিবহাল জানিয়ে তারেক রহমান বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই মজুরি কমিশন সর্বনিম্ন মজুরি ঘোষণা করবে এবং নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকরা বেতন পাবেন।
বিদেশে পলাতক সন্ত্রাসী শক্তির উসকানিতে কারখানা ভাঙচুর বা অগ্নিসংযোগ না করার অনুরোধ জানিয়ে শ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘গার্মেন্টস ফ্যাক্টরি যদি নষ্টই করে ফেলেন, তাহলে আপনার বেতনটি আসবে কোত্থেকে? পলাতক চক্র তো দেশের মানুষের অর্থ-সম্পদ লুটপাট করে বিদেশে আরাম-আয়েশে ঘুরে বেড়াচ্ছে। কারখানা নষ্ট হয়ে গেলে আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন। তাই কোনো প্রকার উসকানিতে পা দেবেন না; নিজেদের এবং নিজেদের কর্মস্থলকে হেফাজত করুন।’
বিগত শাসনামলের গুম, খুন, অপহরণ, ২০০৯ সালের পিলখানা হত্যাযজ্ঞ, শাপলা চত্বরের ঘটনা এবং ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘চোর না শোনে ধর্মের কাহিনি। সুযোগ পেলেও এই ফ্যাসিস্ট দলটির চরিত্র কখনোই ঠিক হবে না।’
দেশে ও প্রবাসে সাম্প্রতিক বিভিন্ন ঘটনার উল্লেখ করে তারেক রহমান বলেন, তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার চেষ্টা করেছে, দুই দিন আগে এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে লাঞ্ছিত করার চেষ্টা করেছে এবং এনসিপি যুক্তরাষ্ট্রে গেলে সেখানেও অপ্রীতিকর আচরণ করেছে। এছাড়া ইতালিতে বাংলাদেশের একজন নারী শিল্পীর ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশবাসী জেনেছে, সন্ত্রাসী দলের পলাতক নেত্রী গণতন্ত্রকামী জনগণের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া এবং হত্যার তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বেপরোয়া সন্ত্রাস চালিয়ে দেশে কার্যক্রম নিষিদ্ধ এই দলটি প্রমাণ করেছে যে তারা কোনো রাজনৈতিক দল নয়; তাদের পরিচয় একটিই, তারা সন্ত্রাসী গোষ্ঠী।’ এই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তারা বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের সঙ্গে নয়, বরং সন্ত্রাসীদের সঙ্গেই সম্পর্ক রাখতে আগ্রহী বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকার একটি ভঙ্গুর রাষ্ট্র ও প্রশাসন পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের সময় দেশ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে। পাচারকৃত সেই অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার দেশে ও বিদেশে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। ৫ আগস্টের পর মানুষ বাক-স্বাধীনতা, মানবিক মর্যাদা এবং গুম-খুনের আতঙ্ক থেকে মুক্তি পেয়েছে বলে জানান তিনি।
অর্থনৈতিক গণতন্ত্রায়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানি প্রদানের মতো কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তারেক রহমান। কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের অক্লান্ত পরিশ্রমে গেল কয়েক মাসে প্রায় ৫ লাখ দক্ষ ও অদক্ষ শ্রমশক্তি বিদেশে রফতানি করা সম্ভব হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আরও কয়েক লাখ মানুষ যেতে পারবেন।’ এছাড়া এরইমধ্যে সরকারি বেশ কিছু বন্ধ কলকারখানা চালু করা হয়েছে এবং আগামী এক বছরের মধ্যে আরও প্রায় ৪৬ থেকে ৪৭টি বন্ধ কলকারখানা চালু করা হবে বলে তিনি উল্লেখ করেন।
ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মধ্যেই বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় বাংলাদেশ জ্বালানি সংকটের মুখে পড়ে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোগান্তি লাঘব ও উৎপাদন সচল রাখতে তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতে সরকার এ পর্যন্ত ৫০ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে।
বিদেশ সফর প্রসঙ্গে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে তারেক রহমান স্পষ্ট করেন যে, বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, কোনো চুক্তি সম্পাদিত হয়নি; আগামী অধিবেশনে এসব এমওইউ সংসদে উপস্থাপন করা হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ডিএফসি থেকে ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ অন্তর্ভুক্ত হওয়ায় জ্বালানি, অবকাঠামো ও প্রযুক্তি খাতে অর্থায়নের সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি চীন, তুরস্ক ও জাপানসহ বেশ কয়েকটি দেশ বাংলাদেশে বড় বিনিয়োগের ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার নিয়মিত বাজার মনিটরিং করছে জানিয়ে প্রধানমন্ত্রী ওই দিন বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের খুচরা বাজার থেকে সংগৃহীত দ্রব্যমূল্যের একটি তুলনামূলক চিত্র সংসদে তুলে ধরেন। তিনি জানান, স্বৈরাচারের সময়ের তুলনায় বর্তমানে আলুর কেজি ৭০ টাকা থেকে কমে ২০ টাকা, পেঁয়াজ ১৫০ টাকা থেকে কমে ৪০ থেকে ৪২ টাকা, মোটা চাল ৬৫ টাকা থেকে কমে ৫৫ টাকা, মিনিকেট চাল ৮৫ টাকা থেকে কমে ৭০ টাকা এবং ডিমের ডজন ১৮০ টাকা থেকে কমে ১২০ টাকায় নেমে এসেছে। এছাড়া কাঁচামরিচের দামও উল্লেখযোগ্য হারে কমেছে বলে জানান তিনি।
আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া পবিত্র রমজান মাস সামনে রেখে সরকারের আগাম প্রস্তুতির কথা জানিয়ে তারেক রহমান বলেন, চাল, গম, চিনি, ছোলা, ভোজ্যতেল, খেজুর, ডাল, পেঁয়াজ, রসুন ও আদাসহ ১০টি নিত্যপণ্য সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি রমজান উপলক্ষে খেজুরের ওপর ২০ শতাংশ কর কমানো হয়েছে এবং গেল মন্ত্রিসভার বৈঠকে আপেল ও মাল্টার ওপর ৫০ শতাংশ শুল্ক হ্রাসের নির্দেশনা দেয়া হয়েছে।
বক্তব্যের শেষে সংসদ পরিচালনা ও অধিবেশন সফল করতে সহযোগিতার জন্য স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্য, বিরোধীদলীয় নেতা, সব সংসদ সদস্য, সংসদ সচিবালয়, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী, সেবাদানকারী প্রতিষ্ঠান এবং গণমাধ্যমকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।