
মধ্যরাতে শুরু জাটকা আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা

পুলিশ-শ্রমিক পাল্টাপাল্টি ধাওয়ার পর মুহুর্তের ছবি
ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বিক্ষোভ করেছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ।
শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে ৪-৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আশুলিয়ার বিভিন্ন এলাকার ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে এই অস্থিরতা তৈরি হয়।
শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা যায়, জিরাবো এলাকার নাঈম নিটওয়ারের শ্রমিকেরা কারখানায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কর্মবিরতি পালন করেন। এরপর কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন।
পুলিশ ও সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকদের ভাষ্য, নাঈম নিটওয়ারের শ্রমিকেরা আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকদের বের করার চেষ্টা করেন এবং আশপাশের কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, কালোতালিকাভুক্তি বন্ধসহ বিভিন্ন দাবিতে কাঠগড়া, নিশ্চিন্তপুরসহ আশপাশের এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরাও আন্দোলনে নামেন। শ্রমিকদের একটি অংশ বাইপাইল থেকে আবদুল্লাহপুর সড়কে বিক্ষোভ করেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন শ্রমিকেরা। দুপুর ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেন। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে তাঁদের ৪-৫ জন সদস্য আহত হন বলে জানিয়েছে পুলিশ।
শ্রমমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অক্টোবর মাসের মধ্যেই মজুরি বোর্ড গঠনে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এবং ঘোষণা বাস্তবায়নে গড়িমসি করায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানান বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন।
তিনি বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ছিল ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করা। এ ছাড়া কালোতালিকাভুক্তকরণ বন্ধ করা এবং হুটহাট চাকরিচ্যুতি বন্ধ করার দাবিও জানাচ্ছেন তারা।