
মধ্যরাতে শুরু জাটকা আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংগৃহীত ছবি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে ভুয়া নিয়োগ ফরম ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে সতর্ক করে অননুমোদিত গুগল ফর্মে ব্যক্তিগত তথ্য দেয়া ও আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে জনসাধারণকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
শনিবার (৩১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে একটি অননুমোদিত গুগল ফরমের মাধ্যমে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহের বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। ওই ফরম বা এর মাধ্যমে পরিচালিত কোনো কার্যক্রমের সঙ্গে বিমানের কোনো সংশ্লিষ্টতা নেই। বিমান কর্তৃপক্ষ এ ধরনের কোনো ফরম চালু বা অনুমোদন করেনি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিমানের নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়। পাশাপাশি নিয়োগের আবেদন গ্রহণ ও ব্যবস্থাপনার জন্য টেলিটকের নির্ধারিত অনলাইন নিয়োগব্যবস্থা ব্যবহার করা হয়। নিয়োগসংক্রান্ত তথ্য ও বিজ্ঞপ্তি বিমানের অনুমোদিত ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।
এ অবস্থায় বিমানের নামে প্রচারিত অননুমোদিত গুগল ফরম বা অপরিচিত লিংকে ব্যক্তিগত তথ্য দেয়া এবং আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে নিয়োগসংক্রান্ত যেকোনো তথ্য জাতীয় দৈনিক পত্রিকা, বিমানের অনুমোদিত ওয়েবসাইট ও নির্ধারিত টেলিটক নিয়োগ পোর্টালের মাধ্যমে যাচাই করার আহ্বান জানানো হয়েছে।