
বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

ভোটগ্রহণের জন্য ১৮৫টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে। ছবি: বাসস
রাত পোহালেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির শপথ নেয়ায় শূন্য হওয়া এ আসনে ভোটগ্রহণের জন্য এরইমধ্যে ১৮৫টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই আসনের ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্রে মোট ১৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। মোট ১৮৫টি ভোটকেন্দ্রে থাকা ৯৮৯টি ভোটকক্ষে ভোট দিতে পারবেন ভোটাররা।
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, নির্বাচন সুষ্ঠু করতে ২৯ অক্টোবর নির্বাচন ঘিরে জেলায় প্রশাসনের বিভিন্ন স্তরের প্রায় ৫ হাজার ৩০০ জন কাজ করবেন । এর মধ্যে ২ হাজার ২৭২ জন পুলিশ, ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ৪০৫ জন আনসার, ইলেকশন ইনকোয়ারি কমিটির ৩ জন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ জন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ২৫ জন কাজ করবেন। এ ছাড়া মোবাইল স্ট্রাইকিং ফোর্স ৯০টি, নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষক ২৫ জন, বিদেশি পর্যবেক্ষক ৪ জন এবং দেশি ও স্থানীয় ১৭৭ জন পর্যবেক্ষক নির্বাচনি মাঠ পর্যায়ে কাজ করবেন।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোটভাই মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে উপনির্বাচনের আগের দিন পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রধান দুই প্রার্থী। বুধবার বিকেলে ঠাকুরগাঁও শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, নির্বাচনী প্রচারণার শুরু থেকেই বিএনপির নেতা-কর্মীরা দাঁড়িপাল্লার কর্মী ও সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন এবং বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছেন। বিভিন্ন এলাকায় তার গণসংযোগেও প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, সরকারি চাকরিজীবীদের নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার সুযোগ না থাকলেও ২৪ ও ২৫ অক্টোবর ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসকদের দিয়ে বিএনপি তিনটি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে। এ ছাড়া পরিবার কার্ড, কৃষি কার্ড, বয়স্ক ও বিধবা ভাতা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাওয়া এবং ভোটার স্লিপ বিতরণের সময় টাকা দেওয়ার অভিযোগও করেন তিনি।
জামায়াতের এই প্রার্থী বলেন, ‘ক্ষমতাসীন দলের প্রার্থী ও তার সমর্থকেরা ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। স্থানীয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন রয়েছে। এ বিষয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ফলে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে।’
অন্যদিকে বুধবার রাত ৯টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দলটির প্রার্থী মির্জা ফয়সল আমিন। জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের অভিযোগ ভিত্তিহীন দাবি করে মির্জা ফয়সল আমিন বলেন, ‘ধানের শীষের জোয়ার দেখে তারা অপপ্রচার চালাচ্ছে। নানাভাবে ভোটকে বিতর্কিত করার চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘এলাকার মানুষ ধানের শীষে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছেন। চারদিকে ধানের শীষের জয়জয়কার। নির্বাচিত হলে এলাকাকে মাদকমুক্ত করার পাশাপাশি উন্নয়নে ভূমিকা রাখব।’