
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০:১৯

আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নিরাপদে মিয়ানমারে ফেরার নিশ্চয়তা আর হারানো অধিকার ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন হাসিনা খাতুন ও রাহমত খাতুন। ছবি: সময় সংবাদ
স্বামীকে হারিয়েছেন, হারিয়েছেন স্বাভাবিক জীবনের স্বপ্নও। সন্তানদের মুখে খাবার তুলে দিতে প্রতিদিন লড়াই করতে হচ্ছে তাদের। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে। এখন তাদের চোখ আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দিকে। স্বামী হত্যার বিচার, নিজ দেশে নিরাপদে ফেরার নিশ্চয়তা আর হারানো অধিকার ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন হাসিনা খাতুন ও রাহমত খাতুন।
হাসিনা খাতুনের মনে এখনো জ্বলজ্বল করছে সেই ভয়াবহ দিনের স্মৃতি। স্বামীকে ধরে নিয়ে গেছে সেনাবাহিনী। সঙ্গে গ্রামের অন্য পুরুষেরাও। এরপর আর স্বামীর খোঁজ পাননি তিনি। স্বজন হারানোর শোকের সঙ্গে তখন যুক্ত হয়েছিল অনিশ্চয়তা, ক্ষুধা আর জীবন বাঁচানোর সংগ্রাম।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের ইন দিন গ্রামে সেনাবাহিনীর অভিযানের সময় স্বামী ও ভাইকে হারান হাসিনা। তখন তিনি অন্তঃসত্ত্বা। কোলে ছোট সন্তান, পাশে অন্য শিশুরা। কিন্তু তাদের মুখে খাবার তুলে দেওয়ার মতো সামর্থ্য বা সাহায্য করার মতো কেউ ছিল না।
সেই দুঃসহ সময়ের কথা বলতে গিয়ে হাসিনা খাতুন বলেন, ‘আমার স্বামীকে ধরে নিয়ে যাওয়ার পর সন্তানদের নিয়ে চরম অসহায় অবস্থায় পড়ে যাই। খাবারের অভাবে সন্তানরা কান্নাকাটি করছিল। অন্যদিকে ছোট শিশুটিকে কোলে নেওয়ার মতোও কেউ ছিল না। আমি নিজেও অন্তঃসত্ত্বা হওয়ায় তাকে কোলে নিতে পারছিলাম না।’
স্বামীকে সেনাবাহিনীর সদস্যরা ধরে নিয়ে যাওয়ার দৃশ্য নিজের চোখে দেখেছেন হাসিনা। এরপর শুরু হয় তার বেঁচে থাকার লড়াই। পেটের ব্যথা কিছুটা কমাতে প্রতিবেশীরা আগুনের তাপ দিয়ে তাকে স্বস্তি দেওয়ার চেষ্টা করেন। পরদিন সন্তানদের নিয়ে আশ্রয়ের সন্ধানে রওনা হন তিনি।
কড়ইদিয়া এলাকায় কোনোভাবে রাত কাটানোর পর নাইক্ষ্যংদিয়া থেকে নৌকায় ওঠেন। প্রায় সাড়ে তিন ঘণ্টার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে পৌঁছান। পেছনে পড়ে থাকে স্বামী, ভাই, ঘরবাড়ি আর পরিচিত জীবন।
হাসিনা বলেন, ‘আমার স্বামী নিখোঁজ হয়ে গেলেন। আমার সন্তানরা ক্ষুধায় কাঁদছিল, আর আমি তখন অন্তঃসত্ত্বা। সাহায্য করার মতো কেউ ছিল না। কোনোভাবে প্রাণে বেঁচে আমরা বাংলাদেশে পৌঁছাই।’
বাংলাদেশে আশ্রয় পাওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের প্রতি আমরা কৃতজ্ঞ। তাঁরা আমাদের আশ্রয় দিয়ে জীবন বাঁচিয়েছেন।’
আশ্রয় আছে, স্বস্তি নেই
স্বামী হারানোর পর কেটে গেছে কয়েক বছর। কিন্তু হাসিনার জীবনে স্বস্তি ফেরেনি। বর্তমানে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে বাঁশ ও প্লাস্টিকের ত্রিপল দিয়ে তৈরি মাত্র ৮ বাই ১২ ফুটের একটি ঘরে বসবাস করছেন তিনি। বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার একজন হাসিনা।
তার সঙ্গে রয়েছে ১৪, ১২ ও ৯ বছর বয়সী তিন ছেলে। ছোট্ট আশ্রয়কেন্দ্রটিই তাদের এখনকার পৃথিবী। সেখানে প্রতিদিনের জীবন কাটে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে।
তবে অভাব-অনটনের মধ্যেও তার মনে একটি আশা বেঁচে আছে। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে চলমান গণহত্যা মামলার রায় নিয়ে আশাবাদী তিনি। তার বিশ্বাস, এই বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে স্বামী হত্যাসহ রোহিঙ্গাদের ওপর সংঘটিত নির্যাতনের স্বীকৃতি মিলবে।
হাসিনা খাতুন বলেন, ‘আমাদের প্রত্যাশা, এই বিচারপ্রক্রিয়ার মাধ্যমে আমরা ন্যায়বিচার পাব এবং নিজ দেশে ফিরে যাওয়ার পথ তৈরি হবে। মিয়ানমারে ফিরে গিয়ে যেন নিরাপত্তা, মৌলিক অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারি, সেটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া।’
স্বামী হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘যারা আমার স্বামীকে নির্যাতন করে হত্যা করেছে, তাদের যেন বিচারের আওতায় আনা হয়। আমার স্বামীর ওপর যে নির্মম নির্যাতন চালিয়ে তাঁকে হত্যা করা হয়েছে, সেই অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
তার ভাষায়, শুধু নিজের স্বামীর হত্যার বিচার নয়, রোহিঙ্গাদের ওপর সংঘটিত সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান তিনি। চান, অপরাধীরা শাস্তি পাক এবং নির্যাতিত মানুষ মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার ফিরে পাক।
নয় সন্তান নিয়ে এক মায়ের লড়াই
হাসিনার মতোই স্বামী হারানোর বেদনা বুকে নিয়ে দিন কাটছে রোহিঙ্গা নারী রাহমত খাতুনের। তবে তার লড়াই আরও কঠিন। স্বামীকে হারানোর পর নয় সন্তানকে নিয়ে কক্সবাজারের ক্যাম্প-৩-এ আশ্রয় নিয়েছেন তিনি।
রাহমতের স্বামীর নাম শাকের আহম্মদ। তার অভিযোগ, বাংলাদেশে পালিয়ে আসার সময় স্বামীসহ মোট ১০ জনকে মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যরা নির্যাতনের পর হত্যা করেন। তাদের সঙ্গে সেনাবাহিনীর কোনো বিরোধ ছিল না। তারপরও বিনা কারণে তাঁদের ওপর নির্যাতন চালানো হয়।
স্বামীকে বাঁচানোর জন্য সেদিন প্রাণপণ চেষ্টা করেছিলেন রাহমত। কিন্তু পারেননি। তার অভিযোগ, স্বামীকে সেনাসদস্যদের হাত থেকে রক্ষা করতে টেনে ধরে রাখার সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। একপর্যায়ে বাধ্য হয়ে স্বামীকে ছেড়ে দিতে হয়।
এরপর স্বামী হারানোর শোক বুকে নিয়ে সন্তানদের সঙ্গে কান্না করতে করতে আশ্রয় নেন নাইক্ষ্যংদিয়া চরে।
সেখানে পাঁচ থেকে ছয় দিন অবস্থান করতে হয়েছিল তাদের। কিন্তু নদী পার হওয়ার মতো অর্থ ছিল না। অর্থের অভাবে কোনো ট্রলারের মাঝিই তাদের নদী পার করতে রাজি হচ্ছিলেন না। অবশেষে জীবন বাঁচানোর আকুতি জানিয়ে একজন মাঝিকে অনুরোধ করেন রাহমত। তাঁর সহায়তায় ট্রলারে করে নদী পার হয়ে বাংলাদেশে পৌঁছান তাঁরা।
অনেক দুঃখ-কষ্ট পেরিয়ে এখন ক্যাম্প-৩-এ বসবাস করছেন রাহমত ও তার নয় সন্তান। কিন্তু বাংলাদেশে আশ্রয় পেলেও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তাঁর দুশ্চিন্তার শেষ নেই।
স্বামীকে হারানোর পর সংসারের পুরো দায়িত্ব এসে পড়েছে তার কাঁধে। অভাবের কারণে সন্তানদের ঠিকমতো খাবার দিতে পারেন না। সময়মতো পোশাক কিনে দিতে পারেন না। অর্থের অভাবে তাদের লেখাপড়াও করাতে পারছেন না।
কথা বলতে গিয়ে নিজের কষ্টের চেয়ে সন্তানদের বঞ্চনার কথাই বেশি উঠে আসে রাহমতের কণ্ঠে।
আক্ষেপ করে তিনি বলেন, ‘সবচেয়ে বেশি কষ্ট হয় যখন দেখি অন্য শিশুরা তাদের বাবার সঙ্গে চলাফেরা করছে, বাবাকে বাবা বলে ডাকছে। অথচ আমার সন্তানদের সেই সুযোগ নেই। তারা বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছে। আমার সন্তানরা এখন বাবা বলে ডাকার মানুষটিকেও হারিয়েছে। নিজের কষ্টের কথা কাউকে বোঝাতে পারি না।’
বিচার না হলে ফিরবেন না দেশে
স্বামী হত্যার বিচার চান রাহমতও। তার প্রত্যাশা, আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের জবাবদিহির আওতায় আনা হবে।
রাহমত খাতুন বলেন, ‘আন্তর্জাতিক বিচার আদালতে আমাদের একটি মামলা চলমান রয়েছে। মামলাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার নিশ্চিত করতে হবে। আমার স্বামীসহ যাঁদের হত্যা করা হয়েছে, তাঁদের হত্যাকারীদেরও বিচারের আওতায় আনতে হবে। ন্যায়বিচার পাওয়ার জন্য আমাদের যেখানে যেতে হয়, সেখানেই যেতে প্রস্তুত আছি।’
তবে বিচার পাওয়ার পাশাপাশি তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিরাপদে নিজ দেশে ফেরার নিশ্চয়তা। মিয়ানমারে ফিরে যাওয়ার বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, ‘এখন যদি আমাদের মিয়ানমারে ফেরত পাঠাতে চান, আমরা যাব না। যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার নিশ্চিত না হবে, ততক্ষণ আমরা ফিরে যেতে চাই না। আগের মতো নিজেদের দেশে শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাসের নিশ্চয়তা পেলেই কেবল ফিরব।’
রাহমতের মতে, নির্যাতনের শিকার হয়ে স্বজন হারিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তারা। কিন্তু নিজের দেশে ফিরে যাওয়ার মতো নিরাপদ পরিবেশ এখনো তৈরি হয়নি।
তিনি বলেন, ‘আমরা নির্যাতনের শিকার হয়ে, স্বামী-সন্তান, মা-বোনসহ স্বজনদের হারিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছি। নির্যাতনের কারণেই আমাদের নিজের দেশ ছাড়তে হয়েছে। এখন আমাদের পায়ের নিচে মাটি নেই। আমাদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে কথা বলার মতোও কেউ নেই।’
বিশ্ব সম্প্রদায়ের কাছে তার আবেদন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত নির্যাতন ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করতে হবে। দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
উল্লেখ্য, কক্সবাজারের আশ্রয় শিবিরে বসে হাসিনা ও রাহমতের অপেক্ষার বিষয়টি স্পষ্ট। একজন চান স্বামী হত্যার বিচার, আরেকজন চান নয় সন্তানকে নিয়ে নিরাপদ ভবিষ্যৎ। দুজনেরই চাওয়া, একদিন যেন নিজেদের দেশে ফিরতে পারেন মাথা উঁচু করে, নিরাপত্তা ও মর্যাদা নিয়ে।
স্বামীকে হারানোর ক্ষত তাদের জীবনে হয়তো কোনো দিনই মুছবে না। তবু তারা চান, তাদের স্বজনদের মৃত্যু যেন বিচারহীন না থাকে। সেই আশাতেই এখন আন্তর্জাতিক আদালতের রায়ের দিকে তাকিয়ে আছেন দুই রোহিঙ্গা নারী।