
শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বাংলাদেশ
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৬:২৮

নেত্রকোনার হিমু উৎসবে ভক্তদের হিমু-রূপার সাজে আনন্দ শোভাযাত্রার একাংশ। ছবি: সংগৃহীত
নানা আয়োজনে নেত্রকোনায় উদ্যাপিত হচ্ছে কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন। লেখকের জন্মস্থানে দিনটিতে সড়কজুড়ে লেখকের জনপ্রিয় চরিত্র হিমু-রূপার সাজে আনন্দ শোভাযাত্রা বের করেন ভক্তরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় হিমু উৎসবের প্রথম পর্বে আনন্দ শোভাযাত্রা বের হয়। হিমু পাঠক আড্ডার আয়োজনে ‘হিমু উৎসব’-এ সাতপাই সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে প্রধান সড়কে হেঁটে যান হিমু-রূপা সেজে নানা বয়সী ভক্তরা।
এরপর লেখকের নাটক সিনেমায় ব্যবহৃত গানের সঙ্গে সঙ্গে হেঁটে মোক্তারপাড়া মুক্তমঞ্চে উপস্থিত হয়ে জন্মদিনের কেক কাটে ভক্তরা। উৎসবে অংশ নেন লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
উৎসবে ছেলেরা হলুদ পাঞ্জাবি পড়ে হিমু আর মেয়েরা নীল শাড়িতে রূপা সেজে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। উৎসবের আয়োজক হিমু পাঠক আড্ডা জানায়, এক যুগ ধরে নিয়মিত এ আয়োজন করছে তারা। এ উৎসবের মাধ্যমে লেখকের কাল্পনিক চরিত্র ও দেশীয় সাহিত্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই আয়োজনের মূল লক্ষ্য।
১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার শেখ বাড়িতে জন্ম নেন হুমায়ূন আহমেদ। পরিবারের প্রথম সন্তান হিসেবে পৈতৃক ভিটায় তিনি প্রতিষ্ঠা করেছেন বাবার নামে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ।
তার সবচেয়ে বেশি ভালোবাসার জায়গা ছিল নিজের হাতে গড়া নুহাশপল্লী। দেশ থেকে দূরে থাকলে কিংবা খুব মন খারাপের সময় প্রায়ই তিনি নুহাশপল্লীর স্মৃতিচারণ করতেন।
লেখকের পাশাপাশি নির্মাতা ও গীতিকার হিসেবে সুখ্যাতি ছিল তার। বহুমাত্রিক সৃষ্টির জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন।
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। সময়ের কাছে তার জীবন থেমে গেলেও আজও বৃষ্টি নামলে, জোছনা উঠলে কিংবা শীতের ঘন কুয়াশার চাদরে বার বার ফিরে আসেন হুমায়ূন আহমেদ।
প্রাসঙ্গিক: