
শ্রমিক প্রতিনিধি পেলে ১ সপ্তাহের মধ্যেই নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে: শ্রমমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩:২০

সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্পচার উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: সময় সংবাদ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরলে তিনি কোনো ধরনের মবের শিকার হবেন না, বরং তাকে আইনি প্রক্রিয়ায় ন্যায়বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমরা যাকে (বিচারের মুখোমুখি করতে) চাই, তিনি নিজ থেকে দেশে ফিরে এলে সরকার খুশি। তাকে ধরে-বেঁধে আনতে হলো না। উনি এলে বিচারের মুখোমুখি হবেন। উনি ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি, আসার পর আইনি প্রক্রিয়ায় যা যা হবার তাই হবে।’
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না। তবে তিনি যদি কখনো আসেন মবের মুখোমুখি হবেন না, ন্যায়বিচার পাবেন। উনি ন্যায় বিচার করেননি কিন্তু আমরা ন্যায়বিচারের মাধ্যমে প্রতিশোধ নেব।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর সম্পর্কে উপদেষ্টা বলেন, ‘প্রধানমন্ত্রী পর্যায়ে সবে বৈঠক শেষ হয়েছে। সফর ও আলোচনার বিস্তারিত এখনই বলছি না, এ বিষয়ে তথ্য জানাতে আরেকটু সময় নেয়া হচ্ছে।’ প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে ওঠা গুঞ্জন খারিজ করে তিনি জানান, সরকার থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।
অন্যদিকে, আলজেরিয়া থেকে জ্বালানি তেল ও গ্যাস আমদানির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে জানিয়ে তিনি বলেন, এটি জ্বালানি সংকট সমাধানে বড় ভূমিকা রাখবে। এ ছাড়া আগামী ৩ ও ৪ নভেম্বর প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনকে উৎসাহিত করতে ‘সোলার এক্সপো’ উদ্বোধন করবেন। সরকারের বিভিন্ন প্রণোদনা ও আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষ এখন বাসাবাড়িতেও সোলার প্যানেল স্থাপনে এগিয়ে আসছেন।
দেশে উগ্র ডানপন্থি বা মৌলবাদী গোষ্ঠীগুলোর অপতৎপরতা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই এমন কিছু প্রবণতা দেখা গেছে। তবে বর্তমান সরকার অন্যায়ের ক্ষেত্রে কোনো ছাড় দেবে না। সাম্প্রদায়িক উসকানিমূলক ঘটনার ক্ষেত্রে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে, যার প্রমাণ টঙ্গীর ঘটনায় অভিযুক্ত ব্যক্তির দ্রুত গ্রেফতার।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড রোধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘একটি রাষ্ট্র যখন বিচারবহির্ভূত হত্যা চালায়, তখন তা আর রাষ্ট্র থাকে না। কোনো গণতান্ত্রিক সরকার বিচারবহির্ভূত হত্যা সমর্থন করতে পারে না। বর্তমান সরকার এই অপসংস্কৃতি কোনোভাবেই চালু করবে না।’ সম্প্রতি বিউটি পার্লার মালিক এক নারী সংক্রান্ত বিতর্ক ও পরবর্তী ঘটনাকে তিনি ‘বাড়াবাড়ি’ হিসেবে উল্লেখ করে বলেন, মামলাটি যেহেতু আদালতে গড়িয়েছে, আশা করা যায় ওই নারী আদালতের কাছে ন্যায়বিচার পাবেন।
সাম্প্রতিক পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) বিতর্কিত বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘পুলিশ সদর দফতর ও আইজিপি নিজে তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে অবস্থান পরিষ্কার করেছেন। তিনি যেহেতু ব্যাখ্যা দিয়েছেন, তাই এটি নিয়ে আর বেশি কথা বলা সংবেদনশীল ও আনকাইন্ড (অসহানুভূতিশীল) হতে পারে। তবে প্রধানমন্ত্রী দেশে ফিরলে এ বিষয়ে নিশ্চয়ই বিবেচনা করবেন।’
এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক সংকট সম্পর্কে তিনি বলেন, সাধারণ জনগণ বিষয়টিকে ইতিবাচকভাবে নেয়নি এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে এর রাজনৈতিক প্রভাব বা মাশুল গুনতে হবে।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবনার বিষয়ে উপদেষ্টা জানান, কমিশন যে সুপারিশই দিক-না কেন, বিএনপি সরকার নিজেদের দৃষ্টিভঙ্গি বজায় রেখেই অংশীদারদের (স্টেকহোল্ডার) সঙ্গে আলোচনা করবে। কমিশনের সুপারিশ পুরোপুরি খারিজ হচ্ছে না। তবে যেসব পরিবর্তনের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন, সেগুলো নিয়ে আলোচনা ও কমিটির বৈঠক চলছে। এসব কার্যক্রমে প্রধান বিরোধী দলও সক্রিয়ভাবে অংশ নেবে বলে সরকার আশাবাদী।
জনস্বাস্থ্য ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে একটি জাতীয় হ্যাকাথনের উদ্যোগ নেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, রাস্তার পাশের খাবারের দোকানগুলোতে স্বাস্থ্য নিশ্চিত করতে নিবন্ধনের আওতায় আনা হবে, কারণ এগুলো অনেক ক্ষেত্রে স্বাস্থ্যহানির প্রধান উৎস হয়ে দাঁড়ায়।