
২ ঘণ্টা গুলি বিনিময়ের পর উজোবাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণে: পুলিশ সুপার
প্রতিবেদক, ভোলা
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১৬:১৭

ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছবি: সময় সংবাদ
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বলে, পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী দশ বছরে দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নিজ নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিনে দুই দিনের সফর শেষে এদিন সকালে জেলা সদর হয়ে সড়কপথে ঢাকায় যান স্পিকার।
এসময় স্পিকার বলেন, ‘আওয়ামী লীগ তাদের ক্ষমতার সময় এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিল, তখন সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব ছিল না। নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন। একজন মানুষ বিত্তশালী না হলেও সমাজে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা থাকলে তাকে নির্বাচন করার সুযোগ দেয়া উচিত।’
সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিতে নির্বাচন কমিশনকে একটি পদ্ধতি নির্ধারণের তাগিদ দেন তিনি। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে স্পিকার বলেন, ‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত। গেল ১৭ বছর নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।’
ভোলায় গ্যাসভিত্তিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোলায় পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে। সারা দেশের বর্তমানের যে রিজার্ভ, এখানে তার সমান দেখা যাচ্ছে। আশা করি ভোলাতে আরও গ্যাসের ভান্ডার রয়েছে। ভোলার সাধারণ মানুষের গ্যাস প্রয়োজন। ভোলাবাসী অনেক দিন ধরে কষ্ট করছে। গ্যাস তো ভোলাবাসীর ন্যায্য অধিকার, এটি দীর্ঘদিনের দাবি। এ বিষয়ে আমি জ্বালানি মন্ত্রীর সঙ্গে কথা বলব।’
এসময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ বিভিন্ন দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন।