
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান চীনা মন্ত্রীর
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৬:৫৮

জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম শেখ ওরফে লালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম শেখ ওরফে লালু জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের মৃত আব্দুস ছাত্তার শেখের ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, প্রায় ১৩ বছর আগে সিরাজুল ইসলামের সঙ্গে পান্না বিবির বিয়ে হয়। তাদের সংসারে কোনো সন্তান না থাকায় প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। ২০২৩ সালের ৭ মার্চ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামে স্বামীর বাড়িতে পান্না বিবির গলাকাটা মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় ওই গৃহবধূর বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে সিরাজুল ইসলাম লালুকে আসামি করে আক্কেলপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আদালত তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।