
সৃজনশীল শিল্পকে মূলধারায় দেখতে চায় সরকার: অর্থমন্ত্রী
প্রতিবেদক, লালমনিরহাট
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ২১:৩

লাঠিসোঁটা হাতে নিয়ে বিএসএফ সদস্যদের প্রতিরোধের দৃশ্য। ছবি: ভিডিও থেকে নেয়া
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে বাংলাদেশি কৃষকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের মারধরের চেষ্টা করলে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করেন। এসময় বিএসএফ গুলি ও বিস্ফোরক নিক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭/৪-এস নম্বর পিলারের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বিএসএফের কয়েকজন সদস্য আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা মাঠে কর্মরত বাংলাদেশি কৃষকদের বিনা কারণে মারধরের চেষ্টা চালান। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ দ্রুত একত্রিত হন। তারা লাঠিসোঁটা হাতে নিয়ে বিএসএফ সদস্যদের প্রতিরোধ করেন। একপর্যায়ে বাংলাদেশিদের তোপের মুখে ও ধাওয়া খেয়ে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হন।
স্থানীয়দের অভিযোগ, ধাওয়া চলাকালে বাংলাদেশিদের সঙ্গে বিএসএফ সদস্যদের মারধরের ঘটনাও ঘটে। পরে নিজেদের ভূখণ্ডে ফিরে গিয়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ও বিস্ফোরক নিক্ষেপ করে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ঘটনার পর সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো বিষয়টি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আনুষ্ঠানিক বক্তব্য জানতে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ককে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে ঘটনার বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আমরা এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি এবং এ সংক্রান্ত একটি ভিডিও দেখেছি। তবে যেহেতু এটি সম্পূর্ণ সীমান্ত এলাকার বিষয়, তাই বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু না জানালে আমরা এ বিষয়ে মন্তব্য করতে পারছি না।