
পরিদর্শক হলেন পুলিশের ১৪৯ কর্মকর্তা
মহানগর ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২২:৩৪

নিহত বাংলাদেশি মাদ্রাসা শিক্ষক মো. নাসরুল্লাহ বদরপুরি
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির একজন মো. নাসরুল্লাহ বদরপুরি। তিনি ওমরাহ করতে সৌদি গিয়েছিলেন।
রোববার (১১ অক্টোবর) প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় নিহত দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথির ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের একজন মো. নাসরুল্লাহ বদরপুরি। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা। অন্যদিকে নিহত অপরজন মো. শাহেদ আহম্মেদ বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের বাসিন্দা। তিনি প্রবাসী কর্মী হিসেবে সৌদি আরবেই কর্মরত ছিলেন।
নিহত নাসরুল্লাহ বদরপুরি ঢাকার কামরাঙ্গীরচরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার ভগ্নিপতি মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন। ওমরাহ পালনের উদ্দেশ্যে শনিবার সকালেই তিনি ঢাকা ত্যাগ করেছিলেন।
মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন জানান, রিয়াদে নামার পর ওমরাহ যাত্রীদের দুই ঘণ্টার ট্রানজিট ছিল। সেখান থেকে আলাদা ফ্লাইটে তাঁদের মক্কায় যাওয়ার কথা ছিল। ফ্লাইটে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই হামলার ঘটনা ঘটে। আগামী ২৪ অক্টোবর ওমরাহ শেষে নাসরুল্লাহ বদরপুরির দেশে ফেরার কথা ছিল।
এর আগে শনিবার বেলা আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এর ওপর একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এ সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা সেখানে অপেক্ষমাণ ছিলেন। হামলায় আহত আরও চার বাংলাদেশি রিয়াদের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন বলে জানা গেছে।