
ইনানীতে গ্যাসের আগুন জ্বলছেই, ২০০ মিটারে নিষেধাজ্ঞা

কক্সবাজারের চকরিয়ায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় প্রাইভেটকার ও স্বাধীন ট্রাভেলসের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারের আরও দুই যাত্রী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে চকরিয়ার আমতলী এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাইশা (১০) ও ইসমত আরা (৫৫)। আর আহতরা হলেন প্রাইভেটকারের চালক আশিকুর রহমান ও সম্রাট। তাঁরা চারজনই প্রাইভেটকারটিতে ছিলেন।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাকিবুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী স্বাধীন ট্রাভেলসের বাস ও কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রাইভেটকার চকরিয়ার আমতলী এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মহাসড়ক থেকে প্রাইভেটকারটি ছিটকে পড়ে।
পরে স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইশা ও ইসমত আরার মৃত্যু হয়। অপর দুজন আশিকুর রহমান ও সম্রাট সেখানে চিকিৎসাধীন।
জাকিবুল ইসলাম আরও জানান, বেপরোয়া গতির কারণে গাড়ি দুটির মধ্যে এ মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি চিরিঙ্গা হাইওয়ে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। বর্তমানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।