
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বাংলাদেশ
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৩

হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়েছে। ছবি: সময় সংবাদ
দীর্ঘদিনের অপেক্ষার অবসান। প্রথমবারের মতো দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়েছে। এতে রাজধানীর সঙ্গে এ অঞ্চলের রেল যোগাযোগ আরও সহজ হওয়ার পাশাপাশি সময় ও যাতায়াত খরচ কমবে বলে আশা করছেন স্থানীয়রা।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে চিলাহাটি এক্সপ্রেস স্টেশনে পৌঁছালে ফুল ও মিষ্টি দিয়ে চালক ও যাত্রীদের শুভেচ্ছা জানান স্থানীয়রা। এ সময় আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করেন অসংখ্য পাসপোর্টধারী যাত্রী। পাশাপাশি দুই দেশের আমদানি-রফতানি বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন ব্যবসায়ীরা। ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হওয়ায় রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হবে। একই সঙ্গে স্থলবন্দরের ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা সংশ্লিষ্টদের।
হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা ছিল হিলি স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হবে। আজ সেই প্রত্যাশা পূরণ হয়েছে। ট্রেন চালু হওয়ায় ব্যবসায়ীদের রাজধানীতে যাতায়াত সহজ হবে। সময় ও খরচ বাঁচবে। এতে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য আরও সম্প্রসারিত হবে।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, আজ আমাদের জন্য আনন্দের দিন। দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়ন করেছেন। এ জন্য তাকে ধন্যবাদ জানাই। ট্রেনের যাত্রাবিরতি চালু হওয়ায় ব্যবসায়ীদের পাশাপাশি পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতও সহজ হবে। এতে দুই দেশের মানুষের যোগাযোগ বাড়বে এবং আমদানি-রফতানি বাণিজ্যে আরও গতি আসবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে হিলি স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছিলেন তারা। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় তাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের রাজধানীতে যাতায়াত সহজ হবে। চিকিৎসা, শিক্ষা ও জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে আগের মতো ভোগান্তিতে পড়তে হবে না। এতে সময় ও অর্থ-দুটিই সাশ্রয় হবে।
প্রাসঙ্গিক:
হিলি রেলওয়ে স্টেশন মাস্টার জানান, প্রথম দিনেই অল্প সময়ের মধ্যে ট্রেনের টিকিট শেষ হয়ে যায়। যাত্রীদের আগ্রহ দেখে তিনিও মুগ্ধ। ভবিষ্যতে ট্রেনের সংখ্যা ও যাত্রাবিরতির সুযোগ বাড়ানো হলে আরও বেশি মানুষ এ সুবিধা নিতে পারবেন।
১৮৭৮ সালে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হিলি রেলওয়ে স্টেশন একসময় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ রেল যোগাযোগের কেন্দ্র ছিল। দেশভাগের আগে এ রেলপথে কলকাতা থেকে উত্তরবঙ্গ ও আসামগামী ট্রেন চলাচল করত। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর এ পথে আন্তঃদেশীয় রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হিলিতে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ছিল না। অবশেষে চিলাহাটি এক্সপ্রেস (৭৩৩) ও নীলসাগর এক্সপ্রেসের (৭৬৫) যাত্রাবিরতির মধ্য দিয়ে এ অঞ্চলে রেল যোগাযোগের নতুন সম্ভাবনা তৈরি হলো।