
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
প্রতিবেদক, ফরিদপুর
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৭:৩৫

নিহত কৃষকদল নেতা রাজু মোল্যার বাড়িতে মা, স্ত্রী, দুই সন্তান ও স্বজনদের আহাজারি ও মাতম। ছবি: সময় সংবাদ
ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও ককটেল বিস্ফোরণে রাজু মোল্যা (৪০) নামে এক কৃষকদল নেতা নিহত হয়েছেন। তার বাড়িতে চলছে মাতম। এ ঘটনায় অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙা উপজেলার হামিরদি বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত রাজু মোল্যা ভাঙা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুড়া গ্রামের আকতার মোল্যার ছেলে এবং উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় হামিরদি এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দুই শতাধিক নেতাকর্মী। এসময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ চলাকালে বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে সেখানে গেলে তাদের লক্ষ্য করে ককটেল বোমা ছোড়া হয়। ককটেল বিস্ফোরণে রাজু মোল্যার কোমর থেকে ডান পায়ের একাংশ ঝলসে যায় এবং মাংস উঠে গর্তের সৃষ্টি হয়। পরে হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী জানান, মঙ্গলবার সন্ধ্যার পর ভাঙা থানার হামিরদি ও পুখুরিয়া এলাকার মাঝামাঝি মহাসড়কে দুষ্কৃতকারীরা অবস্থান নেয় এবং এর পরিপ্রেক্ষিতে সহিংসতায় একজন মারা যান। তিনি বলেন, ‘আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করি। পরবর্তীতে অভিযান চালিয়ে আরও ২০ জনকে আটক করা হয়। আটকদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। এদের মধ্যে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
প্রাসঙ্গিক:

আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে জানিয়ে পুলিশ সুপার বলেন, ‘ভাঙ্গায় এক্সপ্রেসওয়ে এবং দুটি মহাসড়কের মাধ্যমে ২১টি জেলার প্রবেশদ্বার রয়েছে। এই গুরুত্বপূর্ণ এলাকায় তারা নাশকতা করতে পারে; তার ভিত্তিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং চেকপোস্ট বসানো হয়েছে। এই কর্মসূচি ঘিরে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা যেন না করতে পারে সেজন্য পুলিশ সর্বাত্মকভাবে সচেষ্ট রয়েছে।’ এছাড়া এসআরবির অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে এবং বিজিবি মোতায়েনের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে অনুরোধ পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি আমরা নজরদারিতে রেখেছি, সবকিছু আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এছাড়া বিজিবি মোতায়েনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।’
এদিকে মাত্র ৩৭ দিন আগে স্ট্রোকজনিত কারণে মারা যান রাজু মোল্যার বড় বোন ময়না আক্তার। সেই শোক কাটিয়ে ওঠার আগেই রাজুর মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার মা রেখা বেগম ও অসুস্থ বাবা আকতার মোল্যা; শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা। বুধবার দুপুরে রাজুর বাড়িতে গিয়ে দেখা যায়, পুরো বাড়িজুড়ে চলছে মাতম। স্বামীকে হারিয়ে আহাজারি করছেন স্ত্রী রিয়া বেগম। এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক ছিলেন রাজু। কান্নাজড়িত কণ্ঠে রাজুর বাবা বলেন, ‘আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে আমিও তাদের নির্মম বিচার চাই।’
হত্যাকাণ্ডের খবর পেয়ে রাতেই নিহতের বাড়িতে ছুটে যান ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। বুধবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীদের চোরাগোপ্তা হামলায় আমার সহকর্মী ও ছায়াসঙ্গী রাজু মোল্যাকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও মানুষ হত্যা করেছে, বর্তমানে তারা জঙ্গি আচরণ শুরু করেছে। সরকারের উদারতায় তারা যে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যার উৎসবে মেতে উঠেছে, এর ফল কখনও ভালো হবে না। রাজু হত্যার বিচার আমরা করবই এবং এর মূল্য আওয়ামী লীগকে দিতে হবে। এ ঘটনায় যারা দায়ী এবং নির্দেশদাতা প্রত্যেককে এর মূল্য দিতে হবে।’
ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ থানায় জমা দেয়া হয়নি; তবে পুলিশ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে এবং ফুটেজ দেখে অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এদিকে কৃষকদল নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ফরিদপুর শহরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
পুলিশ রাতেই মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বুধবার দুপুর ৩টা পর্যন্ত মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি; তবে বিকেল ৪টার দিকে মরদেহ বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে। মরদেহ আসার পর ভাঙা ঈদগাহ ময়দানে প্রথম জানাজা এবং পরে বাকপুড়া স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদির কবরের পাশে তার দাফন সম্পন্ন হবে।