
‘আর ১০ মিনিট সময় পেলে আমার স্ত্রীও নামতে পারত’
সুজাউদ্দিন রুবেল
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২:৫২

ইনানীতে টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের পর দুই সন্তানসহ নিখোঁজ রয়েছেন নাহিদুর রহমান ও তার স্ত্রী তানজিনা। ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের পর থেকে খোঁজ মিলছে না নাহিদুর রহমান, তার স্ত্রী তানজিনা ও তাদের দুই মেয়ের। আট ও তিন বছর বয়সী দুই সন্তানকে নিয়ে ১৬ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ওই রিসোর্টে থাকার বুকিং করেছিলেন নাহিদুর।
শনিবারের (১৭ অক্টোবর) অগ্নিকাণ্ডের পর তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন পরিবারের সদস্য ও পরিচিতজনেরা।
নাহিদুরের বিশ্ববিদ্যালয়ের জুনিয়র মিস সূচী জানান, নাহিদুর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি পরিবারের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করছেন। নাহিদুরের বাবা-মা বৃদ্ধ হওয়ায় তাদের কাছে পরিস্থিতি কীভাবে জানানো হবে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
ওই পরিচিত ব্যক্তি জানান, নাহিদুরের পরিবার কক্সবাজারে এসেছিল কি না, তা নিশ্চিত হওয়ার পাশাপাশি রিসোর্টে তাদের অবস্থানের তথ্যও যাচাই করার চেষ্টা করছেন তারা। বুকিংয়ের নথি অনুযায়ী, ১১ অক্টোবর নাহিদুর ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত টুপটুপ রিসোর্টে থাকার জন্য বুকিং দেন।
অগ্নিকাণ্ডে উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে নিখোঁজ এই পরিবারের সদস্যরা রয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে নাহিদ নামের একজন নিখোঁজের তথ্য দিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান।
এ বিষয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, ‘প্রথমে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। সেগুলো ছিল খুবই ছিন্নভিন্ন। পরে শৌচাগার থেকে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একটি শিশু ও দুই নারী ছিলেন।’
তিনি আরও বলেন, ‘কারও চেহারা দেখে পরিচয় বোঝার উপায় নেই। আমরা মরদেহগুলো উখিয়া থানার কাছে বুঝিয়ে দিয়েছি। ডিএনএ পরীক্ষা ছাড়া মরদেহ শনাক্ত করা কোনোভাবেই সম্ভব নয়।’
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, ‘ছয়জন নিখোঁজ ব্যক্তির পরিচয় সম্পর্কে তথ্য পাওয়া গেলেও বাকি চারজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।’
শনিবার সকালে টুপটুপ রিসোর্টে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ৭ ঘণ্টা পর বিকেল ৩টায় উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে। আগুনের ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।