
টুপটুপ রিসোর্টে আগুনের ঘটনায় পুলিশের মামলা, সহকারী ম্যানেজার গ্রেফতার
মহানগর ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২১:০

ইনানীর টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে শনিবার (১৭ অক্টোবর) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: সময় সংবাদ
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুনের ঘটনায় প্রাণ বাঁচাতে বেলকনি থেকে লাফ দেন এক চিকিৎসক দম্পতি। এ সময় পড়ে গিয়ে স্ত্রী আহত হলেও শেষ পর্যন্ত আগুন থেকে বেরিয়ে আসতে সক্ষম হন তারা।
শনিবার (১৭ অক্টোবর) সকালে ইনানীর পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে আগুন লাগে। আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।
চিকিৎসক শিহাব উদ্দিন সাদি জানান, রিসোর্টের কক্ষ থেকে বের হওয়ার পরই আগুনের ভয়াবহ পরিস্থিতি দেখতে পান তিনি। চারপাশে আগুন ছড়িয়ে পড়ায় ধোঁয়ায় অন্ধকার হয়ে আসে এবং নিচে নামার পথও বন্ধ হয়ে যায়। কোনো উপায় না পেয়ে স্ত্রী চিকিৎসক নাফিজা নাওয়ার খানকে সঙ্গে নিয়ে যান বেলকনিতে। পরে সেখান থেকে পাশের একটি টিনের ঘরের ছাদে লাফ দেন দুজন। তাদের ওজনের চাপে ঘরের টিন ভেঙে গেলে নিচে পড়ে যান তারা। এতে নাফিজার পায়ে আঘাত লাগে। পরে দুজনই সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দিন সাদি গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্ত্রীকে নিয়ে কক্সবাজারে বেড়াতে যান। সেখানে তারা টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অবস্থান করছিলেন।
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় শিহাব উদ্দিন সাদি জানান, সকালে তারা দুজন ঘুমিয়ে ছিলেন। চিৎকার শুনে তার স্ত্রী তাকে ডেকে রিসোর্টে কোনো সমস্যা হয়েছে বলে জানান। এরপর ঘর থেকে বেরিয়ে আগুন দেখতে পান তারা।
শিহাব জানান, আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই চারপাশ ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। রিসোর্টটি কাঠের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দরজা খুলে বাইরে তাকিয়ে দেখেন, চারদিকে আগুন ছড়িয়ে পড়েছে এবং নিচে নামার পথ বন্ধ। উপায় না পেয়ে বেলকনিতে গিয়ে সেখান থেকে লাফ দেন তারা। প্রথমে পাশের একটি টিনের ঘরের ওপর পড়লেও টিনের প্রচণ্ড উত্তাপ এবং তা ভেঙে যাওয়ায় নিচে পড়ে যান দুজন। তবে জায়গাটি খুব উঁচু না হওয়ায় প্রাণে বেঁচে যান।
তিনি আরও জানান, তার হাতে ও কাঁধে আঘাত লাগে। তার স্ত্রী নাফিজা নাওয়ার খানের পায়েও চোট লাগে। পরে তারা সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসেন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে রিসোর্টে আগুন লাগার খবর পায় তারা। খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট সকাল ৮টায় ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসকর্মীরা।