
হজের সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু
ধর্ম
ইসলাম ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৬:৪৫

মানবসেবায় কাজ করে যাচ্ছে আল মারকাজুল ইসলামী (এএমআই)
প্রচারের আলো থেকে দূরে থেকে টানা ৩৯ বছর ধরে মানবসেবায় কাজ করে যাচ্ছে আল মারকাজুল ইসলামী (এএমআই)। ১৯৮৮ সালে যাত্রা শুরু করা সংস্থাটি এনজিও বিষয়ক ব্যুরো ও সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ ইসলামি সেবামূলক প্রতিষ্ঠান। সংস্থাটির হিসাবে, এ পর্যন্ত তাদের ত্রাণ, চিকিৎসা, শিক্ষা ও দাফনসেবা পৌঁছেছে কয়েক কোটি মানুষের কাছে।
সংস্থাটির প্রতিষ্ঠাতা নড়াইলের সাবেক সংসদ সদস্য মুফতি শহীদুল ইসলাম (রহ.)। তাঁর ইন্তেকালের পর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তাঁর ছেলে মাওলানা হামজা শহীদুল ইসলাম। বর্তমানে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে সংস্থাটির প্রধান কার্যালয় অবস্থিত। সারা দেশে ৪৫০ জনের বেশি কর্মী এ প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।
মাওলানা হামজা শহীদুল ইসলাম বলেন, মানুষের সেবা ছিল আমার আব্বার স্বপ্ন। আল মারকাজুল ইসলামী সেই স্বপ্নেরই ফসল। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর স্বপ্ন বাস্তবায়নে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা প্রচারের জন্য কাজ করি না। সম্মানিত দাতারা যে আমানত আমাদের হাতে তুলে দেন, তার হিসাব তাঁদের সামনে তুলে ধরতে যতটুকু প্রয়োজন, আমাদের প্রচার ততটুকুই। এর বাইরে আমাদের চাওয়া শুধু আল্লাহর সন্তুষ্টি।
হাদিসের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহ ততক্ষণ সেই বান্দার সাহায্যে থাকেন। (সহিহ মুসলিম) ৩৯ বছর ধরে এই হাদিসই আমাদের পথচলার শক্তি।
২০২০ সালে করোনা মহামারি যখন দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়, তখন মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করা কঠিন হয়ে পড়ে। সংক্রমণের ভয়ে অনেক ক্ষেত্রে স্বজনেরাও কাছে আসেননি। হাসপাতাল, বাড়ি কিংবা বিভিন্ন স্থানে পড়ে থাকত মরদেহ। এমন সংকটময় পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে আসে আল মারকাজুল ইসলামী।
সরকারি হিসাবে, দেশে করোনায় মারা গেছেন ২৯ হাজার ৫৩১ জন। তাঁদের মধ্যে ৬ হাজার ৮৭২ জনের শেষ বিদায়ের ব্যবস্থা করেছে সংস্থাটির কর্মীরা। মুসলিমদের গোসল, কাফন, জানাজা ও দাফনের পাশাপাশি হিন্দু ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের মরদেহ তাঁদের নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্যের ব্যবস্থা করা হয়েছে। ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে সেবা থেকে বঞ্চিত করা হয়নি।
আল মারকাজুল ইসলামীর কার্যক্রম মূলত চারটি বিষয়ের ওপর পরিচালিত হয় দাওয়াহ, তালিম, তাযকিয়া ও খিদমাহ। দাওয়াহ কার্যক্রমের অংশ হিসেবে দেশে ও দেশের বাইরে মিলিয়ে ১ হাজার ৪৭টি মসজিদ নির্মাণ করেছে সংস্থাটি। পাশাপাশি তৈরি করেছে ২ হাজারের বেশি অজুখানা। বিনামূল্যে বিতরণ করেছে ৬০ হাজারের বেশি পবিত্র কোরআন শরিফ।
শিক্ষা ও শিশু কল্যাণ কার্যক্রমের আওতায় সংস্থাটির তথ্য অনুযায়ী, প্রায় ৪৩ লাখ শিশু শিক্ষা, খাদ্য, আশ্রয় ও চিকিৎসাসেবা পেয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধীদের মাদ্রাসা থেকে হাফেজ হয়েছেন ৫০০ জন। এ ছাড়া পরিচালিত হচ্ছে আটটি এতিমখানা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম।
মানুষের আত্মিক ও মানসিক উন্নয়নেও কাজ করছে প্রতিষ্ঠানটি। মাদকাসক্তদের কাউন্সেলিং, সংকটে থাকা মানুষের মানসিক সহায়তা এবং বিভিন্ন ধর্মীয় বিষয়ে ফতোয়া ও পরামর্শসেবা দিয়ে আসছে তারা।
সংস্থাটির অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম বিনামূল্যে মৃতদেহ গোসল, কাফন ও দাফন। এ পর্যন্ত ২ লাখ ২০ হাজার মানুষের শেষ বিদায়ের ব্যবস্থা করেছে আল মারকাজুল ইসলামী। পাশাপাশি বেওয়ারিশ মরদেহের দাফনেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
রোগী ও মরদেহ পরিবহনের জন্য সংস্থাটির রয়েছে ৫০টির বেশি অ্যাম্বুলেন্স ও লাশবাহী ফ্রিজার গাড়ি। এসব যানবাহনের মাধ্যমে দিনরাত সেবা দেওয়া হচ্ছে অসহায় ও বিপদগ্রস্ত মানুষকে।
অসহায় মানুষকে স্বাবলম্বী করে তুলতেও কাজ করছে এএমআই। নগদ অর্থ, রিকশা, ভ্যান, গবাদিপশু, মাছ ধরার জাল ও নৌকা বিতরণের মাধ্যমে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছে সংস্থাটি। তাদের হিসাবে, এ পর্যন্ত এক কোটির বেশি মানুষ এ ধরনের সহায়তা পেয়েছেন।
চিকিৎসাসেবায়ও রয়েছে সংস্থাটির উল্লেখযোগ্য অবদান। ৩৯ বছরে এএমআই হাসপাতালে বহির্বিভাগে ১০ লাখ এবং অন্তর্বিভাগে ১ লাখ রোগী চিকিৎসাসেবা পেয়েছেন। ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের বিনামূল্যে ৭ হাজার অস্ত্রোপচার করা হয়েছে। প্রতিটি অস্ত্রোপচারে ব্যয় হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। এ ছাড়া কেরানীগঞ্জে অবস্থিত ৩০০ শয্যার চক্ষু হাসপাতালে ২১ হাজার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে দেশজুড়ে ২ হাজার ৫০০টির বেশি গভীর এবং ৪০ হাজারের বেশি অগভীর নলকূপ স্থাপন করেছে সংস্থাটি। রাজধানীর বাবর রোডে প্রধান কার্যালয়ের গভীর নলকূপ থেকে গত ২০ বছর ধরে প্রতি মাসে প্রায় ১০ লাখ লিটার বিশুদ্ধ পানি বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।
প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন সংকটে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেও উল্লেখযোগ্য অবদান রেখেছে এএমআই। সংস্থাটির হিসাবে, এ পর্যন্ত এক কোটির বেশি মানুষ ত্রাণসহায়তা পেয়েছেন। শীতবস্ত্র পেয়েছেন ২ লাখ ৮০ হাজারের বেশি মানুষ। রমজানে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে ২ লাখ পরিবারকে এবং কোরবানির গোশত বিতরণ করা হয়েছে ৩ লাখ ৪০ হাজার পরিবারের মধ্যে। রানা প্লাজা ধসের ঘটনা এবং ফেনী ও চট্টগ্রামের বন্যাসহ বিভিন্ন দুর্যোগেও মাঠপর্যায়ে কাজ করেছে সংস্থাটি।
২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরুর পর থেকেই আশ্রয়শিবিরগুলোতে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে আল মারকাজুল ইসলামী। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় ৯৫ হাজার রোহিঙ্গা পরিবার তাদের সেবা পেয়েছে। এ ছাড়া দেশের বাইরে গাজা, সুদান, ইয়েমেন, লেবানন, ইরাক, তুরস্ক ও নেপালেও মানবিক সহায়তা দিয়েছে প্রতিষ্ঠানটি।
আল মারকাজুল ইসলামীর অনুদান সরকার অনুমোদিত কর রেয়াত ও কর অব্যাহতির আওতাভুক্ত। এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংস্থাটির কাছে রয়েছে। প্রতিষ্ঠানটির এনজিও বিষয়ক ব্যুরো নিবন্ধন নম্বর ৬৮৫ এবং সমাজসেবা নিবন্ধন নম্বর ঢ ০৭১৫৭। রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয় থেকে পরিচালিত হচ্ছে এসব কার্যক্রম।