
পবিত্র কুরআনে দেনমোহর নিয়ে যা বলা হয়েছে
ধর্ম
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৪:৫৩

মুফতি তাকি উসমানি।
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে সপ্তম স্থান অর্জন করেছেন পাকিস্তানের বিশিষ্ট ইসলামী স্কলার মুফতি মুহাম্মদ তাকি উসমানি। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত এ তালিকায় তাকে ‘মুফতি ও শীর্ষস্থানীয় ইসলামী স্কলার’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দ্য মুসলিম ৫০০ এর অফিসিয়াল এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের সংস্করণে মুফতি তাকি উসমানির অবস্থান সপ্তম। এর আগে ২০২৬ সালের সংস্করণে তিনি দ্বিতীয়, ২০২৫ সালে ষষ্ঠ এবং ২০২৪ সালে অষ্টম স্থানে ছিলেন।
প্রকাশনাটিতে তাকে হাদিস, ইসলামী আইনশাস্ত্র ও ইসলামী অর্থনীতির আন্তর্জাতিকভাবে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে মূল্যায়ন করা হয়েছে। পাশাপাশি দেওবন্দি ধারার ইসলামী শিক্ষার অন্যতম প্রধান বুদ্ধিবৃত্তিক ব্যক্তিত্ব হিসেবেও উল্লেখ করা হয়েছে তাকে।
১৯৪৩ সালের ৫ অক্টোবর ভারতের দেওবন্দে জন্মগ্রহণ করেন মুফতি মুহাম্মদ তাকি উসমানি। তিনি পাকিস্তানের প্রখ্যাত আলেম ও সাবেক গ্র্যান্ড মুফতি মাওলানা মুফতি মুহাম্মদ শফির ছেলে। তার বাবা করাচিতে জামিয়া দারুল উলুম প্রতিষ্ঠা করেন। তাকি উসমানি এ প্রতিষ্ঠান থেকেই ইসলামী শিক্ষায় উচ্চতর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে স্নাতকোত্তর এবং করাচি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি লাভ করেন।
হাদিস, ফিকহ, ইসলামী অর্থনীতি ও তাসাউফে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মুফতি তাকি উসমানি ১৯৫৯ সাল থেকে ইসলামী শিক্ষার বিভিন্ন শাখায় পাঠদান করে আসছেন। ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) অঙ্গপ্রতিষ্ঠান আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির স্থায়ী সদস্য এবং সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি।
ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং খাতেও রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান। বিশ্বের বিভিন্ন দেশের ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শরিয়াহ তত্ত্বাবধায়ক বোর্ডের চেয়ারম্যান ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে বাহরাইনভিত্তিক অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন্সের (এএওআইএফআই) আন্তর্জাতিক শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বর্তমানে তিনি করাচির জামিয়া দারুল উলুমের মহাপরিচালক এবং পাকিস্তানের মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি। আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় তার ৬০টির বেশি বই প্রকাশিত হয়েছে। পাশাপাশি উর্দু সাময়িকী ‘আলবালাগ’ এবং ইংরেজি সাময়িকী ‘আলবালাগ ইন্টারন্যাশনাল’-এর প্রধান সম্পাদকের দায়িত্বও পালন করছেন তিনি।
‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণটি প্রকাশনার ১৮তম আয়োজন। বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মূল্যায়নে এতে সামাজিক বিভিন্ন সূচক, জনমত এবং বিশেষজ্ঞদের মতামত বিবেচনা করা হয়। ব্যক্তির সামগ্রিক জীবনের অবদানকে চলতি বছরের অর্জনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়।
প্রকাশকদের ভাষ্য অনুযায়ী, এ তালিকায় কারও অন্তর্ভুক্তি তার মতামত বা কর্মকাণ্ডের প্রতি সমর্থন কিংবা অনুমোদনের প্রকাশ নয়। বরং মুসলিম বিশ্বে সংশ্লিষ্ট ব্যক্তির প্রভাব ও অবদানের মূল্যায়ন হিসেবেই তালিকাটি তৈরি করা হয়।