
হরমুজ প্রণালি সচল রাখতে একমত যুক্তরাষ্ট্র-চীন: ট্রাম্প
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৩:৩

চীনের শেনজেনে বিশেষ অবকাশকেন্দ্র কাইলিন ভিলায় দ্বিপক্ষীয় বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র ও চীনা নেতারা। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করে দুই দেশের সম্পর্ক সঠিক পথে এগিয়ে নিতে চান বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেনজেনে বিশেষ অবকাশকেন্দ্র কাইলিন ভিলায় দ্বিপক্ষীয় বৈঠকে শি জিনপিং ট্রাম্পকে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সঠিক পথে পরিচালিত করতে তিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ।
শি বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে এবং এর উন্নতি হচ্ছে। এ সম্পর্ক আরও এগিয়ে নিতে ট্রাম্পের সঙ্গে কাজ করার বিষয়ে তিনি দৃঢ়ভাবে আশাবাদী।
চীনা প্রেসিডেন্ট আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছেন তারা। একই সঙ্গে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত স্থিতিশীলতাভিত্তিক গঠনমূলক সম্পর্কের নতুন কাঠামো প্রতিষ্ঠা করেছেন দুই নেতা।
এর আগে বৈঠকের শুরুতে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা এবং ইরানের হাতে পারমাণবিক অস্ত্র না যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীন উভয়েরই স্বার্থ রয়েছে। আমরা উভয় পক্ষই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি।
এপেক সম্মেলনের আয়োজনের প্রশংসা করে ট্রাম্প বলেন, সম্মেলনটি অসাধারণ হয়েছে। এর প্রতিটি আয়োজন নিখুঁতভাবে সম্পন্ন করা হয়েছে। কিছু বিষয় গণমাধ্যমের সামনে তুলে ধরা সম্ভব না হলেও পুরো আয়োজন ছিল প্রশংসনীয়।
প্রাসঙ্গিক:
চীনে ২০১৭ সালে নিজের প্রথম রাষ্ট্রীয় সফরের কথা স্মরণ করে ট্রাম্প বলেন, এরপর থেকে শি জিনপিংয়ের সঙ্গে তার চমৎকার ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে। কেউ কেউ এ সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট হলেও তিনি নিজে এতে খুশি। দুই দেশের মানুষের স্বার্থেই এ বন্ধুত্ব আরও এগিয়ে নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক বিভিন্ন ইস্যু থেকে শুরু করে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ও চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্য কোনো দেশের পক্ষে যা করা সম্ভব নয়, দুই দেশ একসঙ্গে তা করতে পারে।
সূত্র: বিবিসি