
রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৭
আন্তর্জাতিক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২১:৫০

চলতি সপ্তাহে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের উত্তেজনা কমার বিষয়ে কিছুটা আশাবাদ দেখা গেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক শক্তি সমাবেশের পর নতুন করে সামরিক পর্যায়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার পাশাপাশি যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে একটি সমঝোতায় পৌঁছাতে মধ্যস্থতাকারী হিসেবে কাতার ও পাকিস্তান তাদের তৎপরতা বাড়িয়েছে।
আপাতত নতুন করে হামলা চালানো থেকে বিরত রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পেছনে বেশ কয়েকটি বিবেচনা কাজ করেছে। এর মধ্যে অন্যতম হলো, যুক্তরাষ্ট্রের হামলার আগাম আভাস পাওয়ার পাশাপাশি নিখুঁতভাবে পাল্টা আঘাত হানার সক্ষমতা ইরানের রয়েছে। রাশিয়ার সামরিক মানের ভূ-স্থানিক ও সংকেত সংক্রান্ত গোয়েন্দা তথ্যের কারণেই সম্ভবত এই সক্ষমতা তৈরি হয়েছে।
গত আট মাস ধরে আমার প্রতিষ্ঠিত ‘প্রজেক্ট অরোরা’ রাশিয়ার গোয়েন্দা উপগ্রহগুলোর গতিপথ পর্যবেক্ষণ করছে। এই প্রকল্পে কসমস-২৬০০ সিরিজের অন্তত ২০টি রুশ মহাকাশযান শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ১৮টির গতিবিধি অনুসরণ করা সম্ভব।ে
আমি এই উপগ্রহগুলোকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি, কারণ এগুলোর মধ্যে রাশিয়ার সবচেয়ে নতুন ও সহজে অবস্থান পরিবর্তনে সক্ষম সামরিক গোয়েন্দা উপগ্রহ রয়েছে। এগুলো সামরিক স্থাপনা ও ভূখণ্ডের মানচিত্রভিত্তিক তথ্য সংগ্রহের পাশাপাশি অপটিক্যাল ছবি, রাডার পর্যবেক্ষণ এবং সংকেতসংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারে। এর মধ্যে রাডার ও অন্যান্য রেডিও ফ্রিকোয়েন্সির সংকেত এবং সামরিক যোগাযোগের কার্যক্রমও রয়েছে।
আমি যে উপগ্রহগুলো পর্যবেক্ষণ করেছি, সেগুলো সিরিয়া, লেবানন ও ইসরাইল থেকে শুরু করে জর্ডান, সৌদি আরব, বৃহত্তর আরব উপদ্বীপ, ইরাক ও ইরান পর্যন্ত বিস্তৃত এলাকা অতিক্রম করে। এর মধ্যে বাব আল-মান্দেব ও হরমুজ প্রণালিও রয়েছে। উপগ্রহগুলো প্রায় প্রতি ৯৫ মিনিটে একবার পৃথিবী প্রদক্ষিণ করে। কক্ষপথ ও পর্যবেক্ষণের অবস্থানের ওপর নির্ভর করে প্রতিদিন সংশ্লিষ্ট অঞ্চলগুলোর ওপর তিন থেকে চারবার অতিক্রম করে।
আমি লক্ষ্য করেছি, নির্বাচিত কিছু কৌশলগতভাবে অবস্থান পরিবর্তনে সক্ষম উপগ্রহকে এমনভাবে পুনর্বিন্যাস করা হয়েছে, যাতে সেগুলো সরাসরি বা প্রায় সরাসরি ওই অঞ্চলের সামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুর ওপর দিয়ে অতিক্রম করে। পুরো উপগ্রহ বহরকে পুনর্বিন্যাস করা হয়নি, বরং নির্দিষ্ট কিছু মহাকাশযানের অবস্থান পরিবর্তন করা হয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোর ওপর পর্যবেক্ষণের সময় ও মান আরও উন্নত হওয়ার কথা।
এসব রুশ উপগ্রহকে কোনো লক্ষ্যবস্তুতে হামলার আগে এবং হামলার পর আবারও সেই লক্ষ্যবস্তুর ওপর দিয়ে যেতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা মূল্যায়ন করা হয়েছে। ইরানের হামলার আগেও এবং পরেও বারবার একই ধরনের চিত্র দেখা গেছে।
যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের সামরিক এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে ইরান যেভাবে নিখুঁতভাবে হামলা চালাতে পেরেছে, তা বিবেচনায় আমার সিদ্ধান্ত হলো, এসব হামলা পরিচালনার জন্য প্রয়োজনীয় ভূ-স্থানিক গোয়েন্দা তথ্য রাশিয়া ইরানের সেনাবাহিনীকে সরবরাহ করেছে।
যুক্তরাষ্ট্রের জন্য সমস্যা হলো, এ ধরনের গোয়েন্দা সক্ষমতা শুধু লক্ষ্যবস্তু নির্ধারণেই নয়, সামরিক শক্তি সমাবেশ পর্যবেক্ষণেও ব্যবহার করা যায়।
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলো যখন এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হচ্ছে, নৌবাহিনীর শক্তি পুনর্বিন্যাস করা হচ্ছে এবং ওই অঞ্চলে সামরিক অবকাঠামো আরও শক্তিশালী করা হচ্ছে, তখন রুশ উপগ্রহগুলো এসব তৎপরতার একটি স্পষ্ট চিত্র তুলে ধরতে পারে।
এমনকি সামরিক যোগাযোগের মাত্রা, কোথা থেকে যোগাযোগ করা হচ্ছে, কখন তৎপরতা বাড়ছে এবং যোগাযোগের ধরনে কী পরিবর্তন আসছে, সেসব তথ্যও সংগ্রহ করতে পারে। কিছু গোয়েন্দা উপগ্রহ সামরিক যোগাযোগের কথোপকথনও শুনতে সক্ষম হতে পারে। যদিও তারা প্রতিটি বার্তা আটকাতে পারে, এমন সম্ভাবনা কম।
সংগৃহীত গোয়েন্দা তথ্য ইরানের গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হতে পারে। এর মাধ্যমে ইরানি নেতারা নিজেদের সামরিক বাহিনীকে সুরক্ষিত রাখতে, কমান্ড ব্যবস্থা সচল রাখতে এবং যুদ্ধ শুরু হওয়ার আগেই পাল্টা জবাবের প্রস্তুতি নিতে পারেন।
ফলে রাশিয়ার উপগ্রহের মাধ্যমে তথ্য সংগ্রহের সুবিধা ইরানের হাতে থাকলে আক্রমণের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি পাল্টা হামলা থেকে নিজেদের সুরক্ষিত রাখার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা জটিল হয়ে পড়বে। এর একটি সমাধান হতে পারে, ইরানের অস্ত্রের আওতা থেকে দূরে সামরিক ইউনিটগুলোকে সরিয়ে নেওয়া। এতে তাৎক্ষণিক হামলার ঝুঁকি কমবে। পাশাপাশি তেহরান যে অবস্থান থেকে মার্কিন সামরিক শক্তি পর্যবেক্ষণ করছে, সেই বিন্যাসও পরিবর্তন করা সম্ভব হবে।
রাশিয়ার সহায়তা ইরানকে ওই অঞ্চলের বাইরে থেকে আসা হামলার আগাম সতর্কবার্তা পাওয়ার সুযোগও দিতে পারে। ২০২৫ সালের জুনে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ চলাকালে বি-২ স্পিরিট বোমারু বিমান যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে উড়ে গিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। তেহরান জানে, ভূগর্ভের গভীরে অবস্থিত স্থাপনাগুলোতে এ ধরনের হামলা আবারও হতে পারে। তাই এমন হামলার প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে তারা রাশিয়ার উপগ্রহ সক্ষমতা ব্যবহার করতে পারে।
বলার অপেক্ষা রাখে না, হামলা মোকাবিলার প্রস্তুতির পাশাপাশি রাশিয়ার উপগ্রহের গোয়েন্দা তথ্য পাওয়ার সুযোগ ওই অঞ্চলে পাল্টা হামলার প্রস্তুতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইরানি নেতারা যেমন হুঁশিয়ারি দিয়েছেন, এ ক্ষেত্রে শোধনাগার, তেল রপ্তানি টার্মিনাল, পানি লবণমুক্তকরণ কেন্দ্র এবং বিদ্যুৎকেন্দ্রও ঝুঁকির মধ্যে রয়েছে।
অর্থাৎ ট্রাম্প যদি তার সিদ্ধান্ত পরিবর্তন করে আবারও হামলা চালানোর সিদ্ধান্ত নেন, তাহলে ইরান শুধু মার্কিন সেনাবাহিনীর সামরিক পদক্ষেপ মোকাবিলার জন্যই প্রস্তুত থাকবে না, বরং পুরো অঞ্চলে ভয়াবহ আঘাত হানার সক্ষমতাও তাদের থাকবে।
এ ধরনের ক্ষয়ক্ষতির ফলে বেসামরিক মানুষের পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে। পাশাপাশি এর প্রভাব ছড়িয়ে পড়বে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ হিসেবে সৌদি আরবের অবস্থান দেশটির তেল রপ্তানি অবকাঠামোকে বৈশ্বিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ করে তুলেছে। প্রতিবেশী আরব উপসাগরীয় দেশগুলোও এ ধরনের পরিণতির মুখে পড়বে, যুদ্ধ পুনরায় শুরুর সিদ্ধান্তের ওপর তাদের প্রভাব থাকুক বা না থাকুক।
এ বিষয়টিও বিবেচনায় রাখা জরুরি যে, ইরানকে এ ধরনের মহাকাশভিত্তিক গোয়েন্দা সক্ষমতা দিয়ে রাশিয়া নিজেদের হাতে উল্লেখযোগ্য প্রভাব বজায় রাখছে। সরাসরি সংঘাতে জড়িত না হয়েও গোয়েন্দা তথ্য পাওয়ার সুযোগ নিয়ন্ত্রণের মাধ্যমে মস্কো তেহরানের সক্ষমতা বাড়াতে কিংবা সীমিত রাখতে পারে।
রাশিয়ার উপগ্রহের মাধ্যমে তথ্য সরবরাহের আগ্রহ ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানেও প্রভাব ফেলবে। মার্কিন সেনাবাহিনীকে এখন ধরে নিতে হবে, তাদের বড় ধরনের সেনা চলাচল, সামরিক শক্তি সমাবেশ এবং ইলেকট্রনিক যোগাযোগের তৎপরতা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দ্রুত প্রতিপক্ষের কাছে পৌঁছে দেয়া সম্ভব। এতে আকস্মিক হামলার সুযোগ কমে যায়। ফলে সামরিক শক্তি ছড়িয়ে রাখা, যোগাযোগের মাধ্যমে সংকেতের প্রকাশ নিয়ন্ত্রণ এবং দ্রুত অবস্থান পরিবর্তনের প্রয়োজনীয়তা বাড়ে।
এর প্রভাব শুধু এই যুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ নয়। গত মাসে রাশিয়ার কোসমস সিরিজের একটি উপগ্রহ ফিনল্যান্ডের একটি বাণিজ্যিক উপগ্রহের কাছাকাছি চলে গিয়েছিল। এটি সম্ভাব্য হামলার মহড়া হতে পারে। এ ঘটনা ইঙ্গিত দেয়, স্থলভাগের সংঘাত মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে। এর ফলে বেসামরিক ও সামরিক উপগ্রহ অবকাঠামোও বিঘ্নিত হওয়ার ঝুঁকিতে পড়বে। বর্তমান ও ভবিষ্যতের যুদ্ধগুলোতে আমরা হয়তো মহাকাশেও সংঘাতের বিস্তার দেখতে পাব।
আল জাজিরাতে প্রকাশিত নওয়াফ ওবায়েদের প্রবন্ধ থেকে অনূদিত
নওয়াফ ওবায়েদ একজন সৌদি রাজনৈতিক বিশ্লেষক ও লেখক। তিনি মধ্যপ্রাচ্যের রাজনীতি, সৌদি আরবের পররাষ্ট্রনীতি এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে লেখালেখি করেন।
প্রাসঙ্গিক: