
জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:১০

২০১৭ সালের আগস্টে রাখাইনে সামরিক অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। ছবি: রয়টার্স
রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৯ সালে গাম্বিয়ার করা এ মামলায় দেশটির বিরুদ্ধে রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে সামরিক অভিযান চালানোর অভিযোগ আনা হয়েছে। তবে গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার।
২০১৭ সালের আগস্টে রাখাইনে সামরিক অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। জাতিসংঘের তদন্তে উঠে আসে ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও গ্রাম জ্বালিয়ে দেয়ার তথ্য। প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন সাত লাখের বেশি রোহিঙ্গা। ২০১৮ সালে জাতিসংঘের অনুসন্ধানী দল মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যার তদন্তের সুপারিশ করে।
এরপর ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া। ৫৭ সদস্যের ওআইসির সমর্থনে করা মামলায় অভিযোগ, রোহিঙ্গাদের হত্যা, শারীরিক ও মানসিক ক্ষতি এবং তাদের অস্তিত্ব নিশ্চিহ্নের পরিস্থিতি তৈরি করে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে মিয়ানমার।
২০২২ সালে মিয়ানমারের প্রাথমিক আপত্তি খারিজ করে মামলার বিচারিক এখতিয়ার নিশ্চিত করে আইসিজে। ২০২৬ সালের জানুয়ারিতে মূল শুনানিতে সাক্ষ্য, বিশেষজ্ঞ মতামত ও আইনি যুক্তি উপস্থাপন করে দুই পক্ষ। গাম্বিয়ার দাবি, সহিংসতার ব্যাপকতা, পরিকল্পিত ধরন, বিদ্বেষমূলক বক্তব্য এবং অপরাধের বিচার না করার মধ্যেই রোহিঙ্গাদের ধ্বংসের উদ্দেশ্য স্পষ্ট।
অন্যদিকে, মিয়ানমারের যুক্তি, সেনাবাহিনীর অভিযান ছিল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসার হামলার জবাবে পরিচালিত সন্ত্রাসবিরোধী কার্যক্রম। গণহত্যার সুনির্দিষ্ট উদ্দেশ্যের সরাসরি প্রমাণ নেই বলেও দাবি দেশটির। তৎকালীন নেত্রী অং সান সু চিও ২০১৯ সালে আদালতে দাঁড়িয়ে গণহত্যার অভিযোগ অস্বীকার করেন।
এখন মূল প্রশ্ন, রোহিঙ্গাদের জাতিগত বা ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে সম্পূর্ণ কিংবা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে মিয়ানমার এসব অপরাধ করেছে কিনা। শুধু ব্যাপক হত্যাকাণ্ড বা নির্যাতনের প্রমাণই যথেষ্ট নয়। গণহত্যার ক্ষেত্রে জনগোষ্ঠীটিকে ধ্বংসের বিশেষ অভিপ্রায়ও প্রমাণ করতে হবে। আদালত চাইলে গণহত্যার দায় প্রতিষ্ঠা করতে পারে, আবার সরাসরি গণহত্যার দায় প্রমাণিত না হলেও গণহত্যা প্রতিরোধে মিয়ানমারের ব্যর্থতা নিয়ে সিদ্ধান্ত দিতে পারে।
রায়ে মিয়ানমারের দায় প্রতিষ্ঠিত হলে আসতে পারে ক্ষতিপূরণ, সম্পত্তি ফিরিয়ে দেয়া এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনসহ বিভিন্ন প্রতিকারমূলক নির্দেশ। তবে আইসিজের নিজস্ব রায় কার্যকরের ব্যবস্থা নেই। মিয়ানমার রায় না মানলে গাম্বিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হতে পারে। সেখানেও স্থায়ী সদস্যদের ভেটোর কারণে জটিলতা তৈরি হওয়ার সুযোগ রয়েছে।