
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু
স্বাস্থ্য
মনির হোসাইন
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৭
হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ভোগান্তি পোহাতে হচ্ছে।
হামের জটিলতার সঙ্গে কমছে না চিকিৎসার ভোগান্তিও। এখনো ঘুরতে হচ্ছে হাসপাতালে হাসপাতালে। হাম শুনে কোনো কোনো জায়গায় ভর্তি না নেয়ার অভিযোগও অভিভাবকদের। আবার একইসঙ্গে ভয়াবহতা ছড়াচ্ছে ডেঙ্গুও। জটিলতা বাড়ছে শিশুদের শরীরে। ডেঙ্গুর শক সিন্ড্রোমের সঙ্গে যোগ হচ্ছে নানারকম রক্তের রোগ। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে পাঁচ শতাধিক আর হাসপাতালে ভর্তি দেড় লাখের বেশি।
১০ মাসের সুবর্ণা। মাথায় ক্যানুলা নিয়ে অপেক্ষা করছে বাড়ি ফেরার। হাসপাতালেই কাটাতে হয়েছে টানা দুই মাস। চারদিন ছিল আইসিইউতে। এক পর্যায়ে আশাও ছেড়ে দিয়েছিল তার পরিবার। জন্মের পর মায়ের বুকের দুধও পায়নি ছোট্ট শিশুটি। দেওয়া হয়নি হামের টিকাও। তাই সহ্য করতে হয়েছে হামের অবর্ণনীয় যন্ত্রণা।
হাসপাতালে ভর্তি হাম আক্রান্ত শিশুদের প্রায় সবারই একই অবস্থা। সাধারণ ঠান্ডা কাশি থেকে শ্বাসকষ্ট, পরে নিউমোনিয়া। আর এর মধ্যে বাড়তি ভোগান্তি চিকিৎসা পেতে। এই যেমন, তিন মাসের ইয়ামিনকে নিয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরেছেন মা। কোথাও হাম শুনে ভর্তিই নেয়নি। মাগুরা থেকে ফরিদপুর এরপর ঢাকার বিভিন্ন হাসপাতাল ঘুরে এখন ইয়ামিনের ঠিকানা রাজধানীর শিশু হাসপাতালের হাম ওয়ার্ড।
কাছাকাছি উপসর্গ নিয়ে শিশুদের চাপ বাড়ছে ডেঙ্গু ওয়ার্ডেও। শক সিন্ড্রোম এবং রক্তের নানা রকম রোগে ভুগছে ডেঙ্গু রোগীরা। বেশি ঝুঁকিতে অন্য রোগে আক্রান্তরা।
চিকিৎসকরা বলছেন, দুই রোগের প্রকোপ থেকে বাঁচতে ব্যক্তি পর্যায়ের সচেতনতার বিকল্প নেই। টিকা নিশ্চিতে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার তাগিদ তাদের।
বাংলাদেশ শিশু হাসপাতালের রেজিস্টার ডা. হালিমা আক্তার তৃপ্তি বলেন, শিশুদের এখন বিশেষভাবে ফুল হাতার জামা পরাতে হবে। এছাড়া বিভিন্ন অ্যান্টি-মসকিউটো ক্রিম পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে হবে, মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের হামের টিকা নিয়ে নিতে হবে।
চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি ছাড়িয়েছে পাঁচশো এবং হাসপাতালে ভর্তি প্রায় ১ লাখ ৭০ হাজার। আর ১৫ মার্চ থেকে হাম উপসর্গে মৃত্যু ছাড়িয়েছে ১৩শ। আর আক্রান্ত আড়াই লাখের বেশি।