
বিশ্বজুড়ে ৪২৪ কোটি রুপি আয় ‘জেলার ২’-এর, ৫০০ কোটির পথে রজনীকান্ত
ব্রেকিং
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১৩:০

অল্পের জন্য প্রাণে বেঁচে যান টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় নতুন ভিডিও সামনে এসেছে। ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায় রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ঘটে যাওয়া এই হামলার ভিডিওতে দেখা যায়, একটি ফুটবল মাঠ থেকে বিএমডব্লিউ সেডানে করে ফেরার সময় অভিনেতার গাড়ি লক্ষ্য করে একাধিকবার গুলি চালায় দুই ব্যক্তি। অল্পের জন্য প্রাণে বেঁচে যান টাইগার। তবে গুলিতে আহত হয়েছেন গাড়ির চালক।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, প্রকাশ্যে আসা নতুন ভিডিওতে দুই ব্যক্তিকে গাড়ির উইন্ডশিল্ড ও পাশের জানালা লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা গেছে। হামলাকারীরা অন্তত চারবার গুলি চালায়। এ সময় একজন হামলাকারী গাড়ির জানালার একেবারে কাছে গিয়ে আরও একটি গুলি ছোড়ার চেষ্টা করে। কিন্তু শেষ মুহূর্তে তার বন্দুকটি জ্যাম হয়ে যায় বলে ভিডিওতে দেখা গেছে।
১৮ সেকেন্ডের ওই ভিডিওতে আরও দেখা যায়, গুলিবিদ্ধ হওয়ার পর গাড়ির চালক গাড়ি থেকে নেমে দৌড়ে সরে যান। অন্যদিকে, হামলাকারীরা আগে থেকেই প্রস্তুত রাখা একটি মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের পালাতে সহায়তা করার জন্য তৃতীয় এক ব্যক্তি মোটরসাইকেলটি প্রস্তুত রেখেছিলেন বলে ভিডিওতে ইঙ্গিত পাওয়া গেছে।
সিসিটিভি ফুটেজেও হামলার প্রায় একই চিত্র উঠে এসেছে। সেখানে একজন হামলাকারীকে শেষবারের মতো গুলি ছোড়ার চেষ্টা করতে দেখা যায়। তবে বন্দুকটি কাজ না করায় সে আর গুলি চালাতে পারেনি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে তিন সন্দেভাজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাজস্থানের কোটা রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আটকদের মধ্যে দুজনের বাড়ি হরিয়ানায় এবং একজনের বাড়ি মহারাষ্ট্রে। জানা গেছে, গ্রেফতার তিনজনই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত।
এর আগে মুম্বাই পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি জোরদার করার পর বন্দুকধারীদের ছবি প্রকাশ্যে আসে।
প্রাথমিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, সন্দেহভাজনরা গ্রেফতার এড়াতে মহারাষ্ট্রের সীমান্ত পেরিয়ে প্রতিবেশী গুজরাটে প্রবেশ করেছিল।
ঘটনাটি ঘিরে বলিউড অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে প্রকাশ্যে একজন জনপ্রিয় অভিনেতাকে লক্ষ্য করে এমন গুলিবর্ষণ এবং হামলাকারীদের পালিয়ে যাওয়ার দৃশ্য সামনে আসায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। তদন্তের অগ্রগতির সঙ্গে হামলার নেপথ্যের কারণ সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে।
সূত্র: এনডিটিভি