
শুক্রবার অপর্ণা সেনের বিশেষ আলোকচিত্র প্রদর্শন
বিনোদন
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৬

হাজিরা দিতে সকালে আদালতে পরীমণি। ছবি: সংগৃহীত
রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঢাকার আদালতে পৌঁছান।
ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে আজ মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। পরীমণির পক্ষে শুনানি করবেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত। তিনি আশা প্রকাশ করেছেন, এ মামলায় পরীমণি ন্যায়বিচার পাবেন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে হাজির হতে পারেননি পরীমণি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ পিছিয়ে ১৭ নভেম্বর নির্ধারণ করেন আদালত।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। পরদিন ৫ আগস্ট র্যাবের পক্ষ থেকে বাদী হয়ে বনানী থানায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমণিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে বলা হয়, পরীমণির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লিখিতভাবে সিআইডিকে জানায়, ২০১৯-২০ অর্থবছরে পরীমণির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল, যার মেয়াদ পরে শেষ হয়ে যায়।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রাখতেন পরীমনি। এ ছাড়া তার গাড়ি মাদক পরিবহনের কাজে ব্যবহারের অভিযোগও আনা হয়। এসব অভিযোগের বিষয়ে তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি বলে উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে।
পরবর্তী সময়ে ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। একই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন।
পরে উচ্চ আদালত মামলাটিতে পুনরায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির নির্দেশ দেন। সেই নির্দেশনার ধারাবাহিকতায় আজ আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।