
দিনাজপুর বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৮ বছরের মধ্যে সর্বনিম্ন ফল

রংপুরে কথা বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ও নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার।
পাশাপাশি, দেশের ৮ বিভাগের স্টেডিয়ামে ইনডোর সুবিধা, সুইমিংপুল স্থাপনসহ জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন ও সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রংপুর জেলা স্টেডিয়াম পরিদর্শনের পর এসব কথা বলেন তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায়ে ৩ থেকে ৮ বিঘা খাসজমি নিয়ে তা সংস্কার করে খেলার মাঠ হিসেবে গড়ে তোলা হবে। এ বিষয়ে জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।
ক্রীড়াঙ্গনে দুর্নীতি প্রসঙ্গে আমিনুল হক বলেন, দুর্নীতির অভিযোগ তদন্তে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এ ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনও (দুদক) কাজ করছে। প্রতিটি ক্রীড়া সংস্থা ও ফেডারেশনকে জবাবদিহির আওতায় আনার পাশাপাশি দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, আগামী বছরের জানুয়ারি থেকে ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, আর্চারি ও শুটিংসহ ১৫টি ইভেন্ট নিয়ে বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার তৈরির পরিকল্পনা রয়েছে। এতে বয়সভিত্তিক ও সিনিয়র পর্যায়ের খেলোয়াড়রা অংশ নেবেন। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসর সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী খুলনা থেকে একযোগে ৫০৩টি উপজেলায় অনলাইনে এর উদ্বোধন করবেন। এ ছাড়া প্রথম আসরের ৩০৬ জন প্রতিযোগীর মধ্য থেকে ৪০ জনকে নির্বাচিত করে স্থায়ীভাবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) পড়াশোনার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে, রংপুরে ২০ দিনব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।