
দুই মেয়ে ও স্ত্রীসহ নিখোঁজ নাহিদুরের সন্ধান চায় পরিবার
সুজাউদ্দিন রুবেল
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২:১৩

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে বসে কান্নায় ভেঙে পড়েন আশিকুল ইসলাম। ছবি: সময় সংবাদ
‘কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে আগুন দেখে দ্রুত একটি জানালা ভেঙে সেখান দিয়ে লাফ দিয়ে বেরিয়ে আসি। কিন্তু স্ত্রী বেরিয়ে আসতে পারেনি। আর ১০ মিনিট সময় পেলে আমার স্ত্রীও নামতে পারত’
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে বসে বুকফাটা কান্নায় ভেঙে পড়ে এভাবেই ঘটনার বর্ণনা দেন আহত আশিকুল ইসলাম। কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুনের ঘটনায় স্ত্রী ও পাঁচ বছর বয়সী শিশুসহ পরিবারের ছয় সদস্যকে হারিয়ে এখন নিঃস্ব তিনি।
আশিকুল জানান, ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার বেড়াতে এসেছিলেন তিনি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কক্সবাজারে পৌঁছে শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনদের নিয়ে উঠেছিলেন উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে। শনিবারই তাদের ফিরে যাওয়ার কথা ছিল ঢাকায়। কিন্তু তার আগেই শনিবার সকালে রিসোর্টটিতে আগুন লাগে। সেই আগুনে স্ত্রী ও সন্তানসহ পরিবারের ছয় সদস্য নিখোঁজ রয়েছেন। আশিকুল নিজে এবং তার পরিবারের আরও দুজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি আরও জানান, ‘সকালে তিনি ঘুমাচ্ছিলেন। তার স্ত্রী আগুন দেখতে পেয়ে তাকে ডেকে তোলেন। এরপর পাশের কক্ষে থাকা অন্য স্বজনদের ডাকতে যান তিনি। এরপর আশিকুল দ্রুত একটি জানালা ভেঙে সেখান দিয়ে লাফ দিয়ে বেরিয়ে আসেন। কিন্তু তার স্ত্রী আর বেরিয়ে আসতে পারেননি।
যে ছয়জনের খোঁজ নেই
আশিকুলের দেয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ ছয়জন হলেন: তার স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান নাবিলা, শ্যালিকা মিলিতা মেহজাবিন আলভি, পাঁচ বছর বয়সী শিশু ফায়িজান আহমদ, শ্যালিকা ফারিহা কবির এবং জেরিফ।
আশিকুল জানান, শালিকার স্বামী ইফতি আগের দিন রাতে চুয়াডাঙ্গায় চলে যান। ফলে অগ্নিকাণ্ডের সময় রিসোর্টে তাদের পরিবারের নয়জন ছিলেন। আশিকুলের সঙ্গে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তার মামা শ্বশুর মাসুদ ও মাসুদের স্ত্রী নীলা।
এদিকে শনিবার দুপুর ২টার দিকে কক্সবাজারের জেলা প্রশাসক আ. মান্নান সদর হাসপাতালে আহতদের দেখতে যান। এ সময় আশিকুল তার পরিবারের নিখোঁজ সদস্যদের পরিচয় জেলা প্রশাসককে জানান।
জেলা প্রশাসক বলেন, নিখোঁজ ব্যক্তিদের পরিচয় সংগ্রহ করা হয়েছে। উদ্ধার করা মরদেহগুলোর ডিএনএ নমুনা নেয়া হচ্ছে। স্বজনদের ডিএনএ নমুনার সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করার পর মরদেহ হস্তান্তর করা হবে।
শনিবার সকালে টুপটুপ রিসোর্টে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ৭ ঘণ্টা পর বিকেল ৩টায় উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে। অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।
তবে উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান থাকায় নিখোঁজ ছয়জনের মধ্যে কেউ তাদের মধ্যে রয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।