
কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই তরুণের
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ২০:১৭

প্রতীকী ছবি। সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে হাটহাজারী-নাজিরহাট সড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের হায়দার আলি সিপাহীর বাড়ির মো. হারুনের ছেলে ইফতেখার মাহমুদ তুষার (৩২) ও ইমতিয়াজ মাহমুদ ইরাত (২৮)।
স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে দুই ভাই ফরহাদাবাদের বাড়ি থেকে মোটরসাইকেলে করে হাটহাজারী সদরের দিকে যাচ্ছিলেন। চারিয়া মুছার দোকান এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের অন্তত পাঁচজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন। এছাড়া অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইরাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় তুষার ঘটনাস্থলেই প্রাণ হারান এবং চমেক হাসপাতালে নেয়ার পথে তার ভাই ইরাতের মৃত্যু হয়। একই ঘটনায় হাটহাজারীর বাসিন্দা ফাহিম (১৯) নামে অপর মোটরসাইকেলের এক যাত্রী আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
প্রাসঙ্গিক: