
ফৌজদারি অপরাধ হলে পদত্যাগ যথেষ্ট নয়: আসিফ
প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১৯:৩১

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতির ঘটনায় পুলিশের অভিযান চলছে। ছবি: সময় সংবাদ
কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় একদিনে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টা ও দুপুর আড়াইটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় মুখোশধারী ডাকাত দল।
ডাকাতির ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য কত তা জানাতে পারেনি পুলিশ। তবে পাহাড়ে তাদের অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার।
ডাকাতির কবল থেকে পালিয়ে আসা রামু উপজেলার ঈদগড়ের বাসিন্দা মোহাম্মদ তারেক জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় ঈদগাঁও থেকে ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় পৌঁছান পাঁচ যাত্রী। পথে হঠাৎ ডাকাত দল তাদের ওপর হামলা চালায়। এ সময় ডাকাতরা তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। প্রাণ বাঁচাতে তিনি দ্রুত সেখান থেকে পালিয়ে যান। তবে পরে অন্য যাত্রীদের কী হয়েছে, তা তিনি জানেন না।
একই স্থানে দুপুর আড়াইটার দিকে দ্বিতীয় দফায় ডাকাতির ঘটনা ঘটে। এ সময় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয় ডাকাতরা। ভুক্তভোগীদের মধ্যে একটি বেসরকারি এনজিও সংস্থার হিসাবরক্ষক আব্দুল হাকিমও রয়েছেন।
আব্দুল হাকিম জানান, দুপুরে ওই অটোরিকশায় ঈদগড় থেকে ঈদগাঁও যাওয়ার পথে হিমছড়ি ঢালায় পৌঁছালে অস্ত্রধারী মুখোশ পরা ডাকাতরা তাদের গতিরোধ করে। পরে কয়েকটি অটোরিকশার যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে তারা পাহাড়ের দিকে চলে যায়। এ ঘটনায় পরে পুলিশকে জানানো হয়েছে।
ডাকাতির খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের সঙ্গে নিয়ে পাহাড়ি এলাকায় অভিযান শুরু করে পুলিশ।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, ‘ডাকাতির ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। তবে খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিকেল ৩টা থেকে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও পুলিশ সদস্যদের নিয়ে পাহাড়ি এলাকায় অভিযান চলছে।’