
মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৪৮

খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জেলার হেলিকপ্টারে দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই জড়ো হন সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীরা।
নলিয়ানে পৌঁছানোর আগে হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্ট এবং সুন্দরবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফরসূচি অনুযায়ী, নলিয়ান থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাট জেলার বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন তিনি। দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্ন বিরতির পর দুপুর পৌনে ২টায় ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশ নেবেন তিনি।
বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর ৩টা ১৫ মিনিটে তিনি প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখবেন।
দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং ৫টায় ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান।
প্রধানমন্ত্রীর এই সফরে সুন্দরবন পর্যবেক্ষণ, বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন, এক সফরে যুক্ত হচ্ছে এই অঞ্চলের প্রকৃতি, বাণিজ্য ও বিনিয়োগের গুরুত্বপূর্ণ তিন ক্ষেত্র। নির্বাচনের পরে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর খুলনা ও মোংলা সফর এই অঞ্চলে বিনিয়োগ ও অর্থনীতিতে নতুন দ্বার উন্মোচন করবে আশা সংশ্লিষ্টদের।
এদিকে দুই সপ্তাহ পর, আগামী ৫ নভেম্বর ফের খুলনায় আসার কথা রয়েছে প্রধামন্ত্রীর। ওই দিন জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করবেন তিনি।