
সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৮:৫৩

গ্রেফতার মোস্তাফিজুর রহমান বাচ্চু (৪৪)। ছবি: সংগৃহীত
জামালপুরে প্রায় ১৬ মাস আগে পুকুরের পানিতে পাওয়া অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তে জানা গেছে, ওই যুবক আত্মহত্যা করেছিলেন। তবে ঘটনাটি গোপন করতে মরদেহটি বাড়ির উঠান থেকে সরিয়ে নির্জন স্থানে ফেলে দেন বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান বাচ্চু (৪৪)।
এ ঘটনায় তাকে (বাচ্চু) গ্রেফতার করা হয়েছে। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মরদেহ সরিয়ে ফেলার কথা স্বীকার করেন তিনি।
গ্রেফতার বাচ্চু জামালপুর সদর উপজেলার দাপুনিয়া এলাকার বাসিন্দা।
পিবিআই জানায়, ২০২৫ সালের ১১ জুলাই দুপুরে জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দাপুনিয়া এলাকার স্টার ১ ব্রিকস ফিল্ডের পাশে একটি পতিত জমির পানিতে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ পাওয়া যায়। তার গলায় সবুজ রঙের ওড়না প্যাঁচানো ছিল এবং শরীরে কোনো কাপড় ছিল না। পরে পরিচয় শনাক্ত হয়। তাঁর নাম সাকিব ওরফে শাকিল। বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে। তার শ্বশুরবাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া এলাকায়। এ ঘটনায় জামালপুর সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা হয়। প্রাথমিক তদন্তে নিহতের শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করা হলেও ঘটনার রহস্য উদঘাটন হয়নি। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই।
২০২৫ সালের ৭ জুলাই রাত ১০টার দিকে জামালপুরের দাপুনিয়া এলাকায় ভাড়া বাসায় পারিবারিক বিষয় নিয়ে সাকিব ও তার স্ত্রী শাহানার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সাকিব বঁটি দিয়ে স্ত্রীকে আঘাত করতে যান। এ সময় পাশের কক্ষের এক ভাড়াটিয়া এসে তাদের থামান এবং শাহানার মাকে খবর দেন। পরে শাহানার মা আঙ্গুরী বেগম মেয়েকে ও নাতিকে নিয়ে বাড়ির মালিক বাচ্চুর অন্য একটি ভাড়া বাসায় চলে যান। রাত সাড়ে ১১টার দিকে সাকিব সেখানে গিয়ে দরজা খোলার জন্য চিৎকার-চেঁচামেচি করেন। তবে কেউ দরজা খোলেননি। পরে বাড়ির মালিক বাচ্চু বাইরে এসে তাকে চলে যেতে বলেন এবং পরদিন সকালে আসতে বলেন।
৮ জুলাই দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঘুম থেকে উঠে বাইরে বের হন বাচ্চু। এ সময় বাড়ির উঠানে একটি বড়ইগাছের ডালে ওড়না দিয়ে সাকিবের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। পরে রান্নাঘর থেকে বঁটি এনে ওড়না কেটে তাকে নিচে নামান। সাকিবের মৃত্যু নিশ্চিত হওয়ার পর নিজের ও পরিবারের সদস্যদের ঝামেলা এড়াতে মরদেহটি বাড়ির কাছের একটি নির্জন স্থানে ফেলে আসেন।
পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, 'ঘটনার প্রায় দুই বছর আগে টিকটকের মাধ্যমে মাদারগঞ্জের তেঘরিয়া এলাকার শাহানার সঙ্গে সাকিবের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিয়ে করেন। তাদের আট মাস বয়সী একটি ছেলে সন্তান ছিল। এটি একটি ক্লুলেস মামলা ছিল। হত্যাকাণ্ড না ঘটিয়েও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় আসামি মরদেহ গোপন করার অপরাধ করেছেন। পিবিআইয়ের তদন্তের মাধ্যমে মামলাটির রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে।