
বিশিষ্ট ক্রীড়াবিদ বিশ্বনাথের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ফরিদপুরের ভাঙ্গায় জব্দ করা সারবোঝাই ট্রাক। ছবি: সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গায় পাচারের সময় ট্রাকভর্তি ২৫০ বস্তা সরকারি সার জব্দ করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। এ সময় সার ডিলার এ কে এম ইলিয়াস হাওলাদার ও ট্রাকের হেলপারকে আটক করার পাশাপাশি সারবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের নিচ থেকে এসব সার জব্দ করা হয়।
আটক ইলিয়াস হাওলাদার উপজেলার চান্দ্রা ইউনিয়নের সমেদ হাওলাদারের ছেলে। তিনি মেসার্স হাওলাদার ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং ওই ইউনিয়নের বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) অনুমোদিত সার ডিলার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মালিগ্রাম ফ্লাইওভারের নিচে সারবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশ ও প্রশাসনকে বিষয়টি জানান তারা। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ২৫০ বস্তা সারসহ ট্রাকটি জব্দ করেন এবং ডিলার ইলিয়াস হাওলাদার ও ট্রাকের হেলপারকে আটক করে থানায় নিয়ে যান।
ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২৫০ বস্তা সারবোঝাই ট্রাক জব্দসহ ডিলার ইলিয়াস হাওলাদার ও হেলপারকে আটক করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি তার ডিলারশিপ বাতিল করা হবে।’
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, আটক দুজন ও জব্দ করা সারবোঝাই ট্রাক থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, পাচারের সময় সরকারি সারগুলো জব্দ করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
