
সব নির্বাচনেই ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ইসি কাজ করছে: সিইসি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ৮:১১

ঠাকুরগাঁও-১ আসনে ভোটকেন্দ্রের বাইরে অপেক্ষমান ভোটাররা। ছবি: সময় সংবাদ
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্রে ভোট নেয়া হবে।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোটভাই মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।
ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা। বুধবার সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় চত্বর থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেয়া হয়।
রির্টানিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন রির্টানিং কর্মকর্তা। আর আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে কাজ করবেন ১৯০ এসআরবি সদস্য, প্রায় আড়াই হাজার আনসারসহ পুলিশ সদস্যরাও।
উপনির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাব্যক্ত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবসের অনুষ্ঠান শেষে তিনি জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে ইসিকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। বিএনপি সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
এদিকে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু না হলে আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন ১১ দলীয় ঐক্য। সিইসির নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠক করে এ হুঁশিয়ারি দেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
ভোটের আইনশৃঙ্খলা পরিস্থতির অবনতিসহ বিভিন্ন অভিযোগ জানাতে বুধবার নির্বাচন কমিশনে যায় ১১ দলীয় ঐক্য। এসময় প্রধান নির্বাচন কমিশনার, চার কমিশনার ও ইসির সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক করেন নেতারা। বৈঠক শেষে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ হুঁশিয়ারি দিয়ে বলেন, ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন মাগুরার মত হলে সরকারের পরিণতি ভালো হবে না।