
মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেফতার
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৬

রামিসাকে অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে উল্লেখ করে আদালত বলেন, এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি। ছবি: কোলাজ
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে খালাস দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর মধ্যদিয়ে হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় বিচারিক আদালতের রায়ের পর এবার উচ্চ আদালতেও চাঞ্চল্যকর এ মামলাটির দ্রুত নিষ্পত্তি হলো।
রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে শিশুটিকে ধর্ষণের প্রমাণ মিলেছে। এ ছাড়া আসামি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি যে সত্য ও স্বেচ্ছাপ্রণোদিত ছিল, তা প্রমাণিত হয়েছে। রামিসাকে অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে উল্লেখ করে আদালত বলেন, এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।
স্ত্রী স্বপ্না আক্তারকে খালাস দেওয়ার বিষয়ে হাইকোর্ট বলেন, আসামি সোহেল রানা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যায় স্ত্রী স্বপ্না সহযোগিতা করেছেন–এমন কোনো তথ্য দেননি। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হলো।
এর আগে গতকাল সোমবার (১৬ নভেম্বর) ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের জেল আপিলের ওপর উভয় পক্ষের চূড়ান্ত শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত। হাইকোর্টে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
মামলার নথিপত্র অনুযায়ী, রাজধানীর পল্লবীতে প্রতিবেশী সোহেল রানা সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ করেন। ঘটনা আড়াল করতে শিশুটিকে গলা কেটে হত্যার পর মরদেহ খণ্ডিত করে জানালার গ্রিল কেটে পালিয়ে যান তিনি। পাশের ফ্ল্যাটে থাকা রামিসার মা পারভীন আক্তার শিশুর আর্তনাদ শুনতে পেলেও তা যে তার নিজের সন্তানের, সেটি তখন বুঝতে পারেননি। পরে পাশের ওই ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। ঘটনার পরদিন রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। পুলিশ প্রথমে স্বপ্না আক্তারকে আটক করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করা হয়। গত ২১ মে সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ওই সময় রামিসার বাসায় গিয়ে শোকসন্তপ্ত মা-বাবাকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। তারা জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছিলেন।
গত ১ জুন অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। ২ জুন মাত্র এক দিনেই সম্পন্ন হয় ১৬ জনের সাক্ষ্য গ্রহণ। হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় ৭ জুন ট্রাইব্যুনাল রায় দেন। রায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
বিচারিক আদালতের রায়ের পর নিয়ম অনুযায়ী আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথিপত্র (ডেথ রেফারেন্স) হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডাদেশের বিরুদ্ধে জেল আপিল করেন আসামিরা। মামলার গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টে শুনানির উদ্যোগ নেওয়া হয়।
রায়ের আগে আজ সকালে হাইকোর্ট প্রাঙ্গণে উপস্থিত হয়ে রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা সাংবাদিকদের বলেন, নিম্ন আদালতে আসামিদের মৃত্যুদণ্ডের যে রায় দেওয়া হয়েছিল, উচ্চ আদালতেও যেন সেই রায় বহাল থাকে–এটাই তার প্রত্যাশা। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ায় সরকার ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে ধন্যবাদ জানান তিনি।
আইনসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বিচারহীনতার সংস্কৃতি দূর করে স্বল্পতম সময়ের মধ্যে দেশের বিচার বিভাগ কীভাবে ন্যায়বিচার নিশ্চিত করতে পারে, এ মামলা তার অন্যতম দৃষ্টান্ত।