
উদ্বোধনের ২ বছরেও চালু হয়নি রেলস্টেশন, ২৪ ঘণ্টার আলটিমেটাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৬:২২

ডিএমপির সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুক, ফাইল ছবি
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুক এবং তার স্ত্রী শারমিন আক্তার খানের নামে থাকা স্থাবর সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাবের অর্থ অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৪ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন।
আদালতের আদেশে খন্দকার গোলাম ফারুকের এক কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি তার পাঁচটি ব্যাংক হিসাবে থাকা এক কোটি ৩৫ লাখ ৭৭ হাজার টাকা অবরুদ্ধ করা হবে।
এ ছাড়া গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের যৌথ নামে থাকা এক কোটি ৫১ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পত্তি জব্দ এবং দুটি ব্যাংক হিসাবে থাকা ১২ লাখ দুই হাজার ৫০০ টাকা অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়, গোলাম ফারুকের নিট সম্পদের মূল্য তিন কোটি ৭৬ লাখ ৪৩ হাজার টাকা। এর সঙ্গে ৩৬ লাখ ৭৯ হাজার টাকা পারিবারিক ব্যয় যোগ করে তার মোট সম্পদ ও ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে চার কোটি ১৩ লাখ ২৩ হাজার টাকা। বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ দুই কোটি ৮৫ লাখ ৪১ হাজার টাকা। দুদকের হিসাব অনুযায়ী, আয় ও সম্পদ-ব্যয়ের পরিমাণের ব্যবধান এক কোটি ২৭ লাখ ৮২ হাজার টাকা। এ অর্থকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
গোলাম ফারুকের স্ত্রী শারমিন আক্তার খান একজন গৃহিণী। তার নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য তিন কোটি ২৭ লাখ ৯৫ হাজার টাকা। এর সঙ্গে দুই লাখ ৩৫ হাজার টাকা পারিবারিক ব্যয় যোগ করলে মোট পরিমাণ দাঁড়ায় তিন কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকা। এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ২৪ লাখ ৭৭ হাজার টাকা। দুদকের হিসাব অনুযায়ী, আয় ও সম্পদ-ব্যয়ের পরিমাণের ব্যবধান তিন কোটি ৫ লাখ ৫৩ হাজার টাকা।