বিয়ের আসর থেকে ৪ ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে, দিশেহারা বর
রংপুর। হবিগঞ্জ থেকে বাসে ৪২ জন বরযাত্রী নিয়ে রংপুরে এসেছিলেন ব্রুনাই প্রবাসী ফয়ছল আহমেদ। কমিউনিটি সেন্টারে বরযাত্রীদের আনন্দ আর বিয়ের আয়োজনে যখন চারপাশ মুখর, ঠিক তখনই ঘটে বিপত্তি। বিয়ের পিঁড়িতে বসার আগেই চার ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে যান কনে ও তার সঙ্গে থাকা কথিত স্বজনেরা। শেষ পর্যন্ত কনে ছাড়াই খালিহাতে বরযাত্রীদের নিয়ে ফিরতে হয়েছে বরকে। রংপুরে বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়ার কাছে এ কমিউনিটি ক্লিনিকে গত ১১ নভেম্বর বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারণা ও চুরির অভিযোগে পরদিন ১২ নভেম্বর রাতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা করেছেন বর ফয়ছল আহমেদ। মামলায় সুমি আক্তার (২৬), তার স্বামী সুভাষ আহমেদ (৩৫) ও কনে শ্যামলা খাতুনকে (১৯) আসামি করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী। তিনি বলেন, তদন্ত অনেক দূর এগিয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করা সম্ভব হবে। বরপক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ফয়ছল আহমেদ ব্রুনাইপ্রবাসী। বিয়ে করার উদ্দেশ্যে পাঁচ মাস আগে দেশে আসেন তিনি। তার বাড়ি হবিগঞ্জ জেলা সদরের মাছুলিয়া গ্রামে। বিয়ের পর তার আবার বিদেশে যাওয়ার কথা ছিল। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ফয়ছলের ছোট বোন তামান্না আক্তারের বিয়ে হয়েছে চট্টগ্রামে। স্বামী ও শ্বশুরের সঙ্গে সেখানে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি। একই ফ্ল্যাটে থাকতেন সুমি আক্তার ওরফে মায়া ও তার স্বামী সুভাষ আহমেদ। তারা নিজেদের স্বামী-স্ত্রী এবং গ্রামের বাড়ি কুড়িগ্রামে বলে পরিচয় দিয়েছিলেন। প্রায় দুই বছর ওই ফ্ল্যাটে থাকার পর দেড় বছর আগে তারা ঢাকায় চলে যান। তবে সুমির সঙ্গে তামান্নার মুঠোফোনে যোগাযোগ ছিল। তামান্না জানান, বড় ভাই ফয়ছলের বিয়ের কথা সুমিকে জানালে তিনি তার কথিত ছোট বোন শ্যামলা খাতুনের সঙ্গে বিয়ের প্রস্তাব দেন। মোবাইল ফোনের ভিডিও কলে শ্যামলা একাধিকবার ফয়ছল, তামান্না ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন। শ্যামলাকে পছন্দ হওয়ার পর বুধবার (১১ নভেম্বর) বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়। কনেপক্ষ রংপুর নগরীর কামাল কাছনায় একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করে। সে অনুযায়ী বাসে করে বরসহ ৪২ নারী-পুরুষ সকালে হবিগঞ্জ থেকে রংপুরে আসেন। তামান্নার দাবি, বিয়ের আগে বরের পক্ষ থেকে কনেকে চার ভরি স্বর্ণালংকার দেয়া হয়। এর মান যাচাই করতে কনের বোন হিসেবে পরিচয় দেয়া তিন নারী আগ্রহ দেখান। এরপর বর, তার দুই বোন, ভগ্নিপতি, বাবা এবং কনের বোনের পরিচয় দেয়া তিন নারী ও কনেকে নিয়ে নগরীর দেওয়ানবাড়ি রোডে লক্ষ্মী জুয়েলার্সে যাওয়া হয়। সেখানে স্বর্ণালংকারের মান যাচাই করা হয়। মান ঠিক পেয়ে গহনাগুলোসহ কনেকে সাজানোর জন্য নগরীর একটি বিউটি পার্লারে নেয়া হয়। মামলার অভিযোগ থেকে আরও জানা যায়, বিউটি পার্লারে বর ফয়ছল দুই বোনকে রেখে তার বাবা ও ভগ্নিপতিকে নিয়ে বিয়ের বাকি কেনাকাটা করতে যান। এ সময় কনেকে স্বর্ণালংকার পরিয়ে বিয়ের সাজে সাজানো হয়। পরে তাকে একটি রিকশায় তোলা হয়। সঙ্গে ওঠেন কনের বোন পরিচয় দেয়া একজন। অন্য একটি অটোরিকশায় ওঠেন বরের দুই বোন ও কনের বোন পরিচয় দেয়া আরও দুজন। এরপর কনেকে নিয়ে যাওয়া রিকশাটি আর খুঁজে পাওয়া যায়নি। অন্য অটোরিকশাটি রংপুর নগরী থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়ার কাছে একটি বটগাছের নিচে গিয়ে থামানো হয়। বিকেল ৫টার দিকে সেখানে তারা অটোরিকশা থেকে নামেন। বরের দুই বোনকে রাস্তায় অপেক্ষায় রেখে কনের বোন হিসেবে পরিচয় দেয়া দুই নারী কৌশলে সেখান থেকে পালিয়ে যান। দীর্ঘ সময় অপেক্ষার পর বরকে বিষয়টি ফোন করে জানান তার দুই বোন। তামান্নার অভিযোগ, কনের গায়ে তার ভাইয়ের দেয়া চার ভরি স্বর্ণালংকারের মধ্যে রয়েছে গলার হার, চেইন, হাতের বালা ও আংটি। এছাড়া নগদ সাত হাজার টাকা, শাড়িসহ বিয়ের নতুন কাপড় নিয়েও উধাও হয়েছে কনে ও তার লোকজন।
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০:৫৮