
জুভেন্টাসকে উড়িয়ে লাৎসিওর চমক, আতালান্তাকে হারাল এসি মিলান
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৯

পাকিস্তানি তারকা হারিস রউফের সঙ্গে লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা (বাঁয়ে)। ছবি: ইনস্টাগ্রাম
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের সহ-মালিক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সামিন রানা ভবিষ্যতে ব্যবসায়িক সুযোগ তৈরি হলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
আর্থিক অনিয়মের বিষয়গুলো সমাধানের লক্ষ্যে বিপিএলের আসন্ন আসর স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি তামিম ইকবালও বিভিন্ন সময়ে জানিয়েছেন, প্রয়োজনীয় নিয়মনীতি ও শর্ত পূরণ করলে বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজিদের অংশগ্রহণের ব্যাপারে বোর্ডের আগ্রহ রয়েছে।
গত শনিবার (১৭ অক্টোবর) আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচ চলাকালে বিসিবি সভাপতি তামিমের সঙ্গে দীর্ঘ সময় দেখা যায় সামিন রানাকে। মধ্যাহ্নবিরতিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিপিএলে যুক্ত হওয়ার ইচ্ছার কথা জানান তিনি।
সামিন রানা বলেন, 'সুযোগ থাকলে আমি বিপিএলের অংশ হতে চাই। বাংলাদেশ আমার হৃদয়ের খুব কাছের একটি দেশ। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত হওয়ার সুযোগ আমি অনেক দিন ধরেই খুঁজছি। শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করছে কী ধরনের সুযোগ সামনে আসে, তার ওপর।'
তিনি আরও বলেন, 'বিপিএল একটি দারুণ টুর্নামেন্ট। আমি জানি, বেশ কিছুদিন ধরেই লিগটি নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এর পেছনে কারণও রয়েছে। তবে বাংলাদেশ ও পাকিস্তানে ক্রিকেটের প্রতি মানুষের যে আবেগ ও ভালোবাসা, তাতে এই লিগের এমন সমস্যায় থাকার কথা নয়।'
'যদি এমন কোনো সুযোগ তৈরি হয়, যেখানে উভয় পক্ষই লাভবান হতে পারে, তাহলে আমি অবশ্যই বিপিএলের অংশ হতে চাই,'–যোগ করেন তিনি।
পিএসএলে ১১ বছর ধরে যুক্ত রয়েছেন সামিন রানা। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার গ্লোবাল লিগ, টি-টেন ক্রিকেট এবং ক্রিকেট কানাডার সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও ধারণা বিনিময় করেছেন বলে জানান তিনি। তার আশা, এসব অভিজ্ঞতা বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে কাজে আসতে পারে।
সামিন বলেন, 'তামিম ভাইয়ের সঙ্গে আমার কিছু আলোচনা হয়েছে অভিজ্ঞতা বিনিময় নিয়ে। আমি ১১ বছর ধরে পিএসএলের সঙ্গে যুক্ত। দক্ষিণ আফ্রিকার গ্লোবাল লিগেও আমরা একটি দলের অংশ ছিলাম। একাধিকবার টি-টেন ক্রিকেটের সঙ্গে কাজ করেছি। এ ছাড়া বেশ কিছুদিন ধরে ক্রিকেট কানাডার সঙ্গেও যোগাযোগ রয়েছে আমার।'
'বছরের পর বছর কাজ করতে গিয়ে আমরা অনেক জ্ঞান, অভিজ্ঞতা ও উপলব্ধি অর্জন করেছি। কীভাবে বিষয়গুলো আরও উন্নত করা যায়, তা নিয়েই আমরা কিছু ধারণা বিনিময় করছিলাম,–'বলেন তিনি।
বাংলাদেশের ক্রিকেটারদের পাকিস্তানে নিতে চান:
বিপিএলে যুক্ত হওয়ার পাশাপাশি বিসিবির সঙ্গে একটি খেলোয়াড় বিনিময় কর্মসূচি চালুর আগ্রহও প্রকাশ করেছেন সামিন রানা। এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটাররা পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি লাহোর কালান্দার্সের উচ্চমানের পারফরম্যান্স সেন্টারের সুযোগ-সুবিধা কাজে লাগাতে পারবেন।
তরুণ ক্রিকেটারদের উন্নয়নে বাংলাদেশের খেলোয়াড়দের স্বাগত জানাতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। এ ক্ষেত্রে অন্য দেশের ক্রিকেটারদের নিয়ে পরিচালিত উদ্যোগগুলোর উদাহরণও তুলে ধরেন লাহোর কালান্দার্সের এই কর্মকর্তা।
সামিন বলেন, 'ইনশাআল্লাহ, আমি বাংলাদেশে আসতে চাই। আশা করি, বিপিএলের মাধ্যমে সেই সুযোগ তৈরি হবে। আর তা সম্ভব না হলেও বিসিবি'র সঙ্গে একটি খেলোয়াড় বিনিময় কর্মসূচি চালু করতে চাই।'
তিনি আরও বলেন, 'সম্প্রতি গায়ানার যুব ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আমরা একটি চুক্তি করেছি। তারা তাদের খেলোয়াড়দের পাঠাবে। এ ছাড়া জিম্বাবুয়ের আটজন ক্রিকেটার ইসলামাবাদের হাই পারফরম্যান্স সেন্টারে ছয় সপ্তাহ কাটিয়েছে।'
'বাংলাদেশের ক্রিকেটাররাও যদি আগ্রহী হন, তাহলে তাদের পাকিস্তানে আসতে দেখতে চাই। এতে আমরা একে অপরের কাছ থেকে শিখতে পারব। এটাই আমার পরিকল্পনা,'–যোগ করেন তিনি।
বাংলাদেশেও লাহোর কালান্দার্সের বেশ ভালো সমর্থকগোষ্ঠী রয়েছে। বাংলাদেশের একাধিক ক্রিকেটার, যার মধ্যে সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান পিএসএলে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছেন।